প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য পুলিশে কর্তব্যপরায়ণতা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের বিরাট স্বীকৃতি। ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট ২০২৬, শনিবার) ঐতিহাসিক মঞ্চ থেকে রাজ্যের ১৪ জন আইপিএস (IPS) আধিকারিককে মর্যাদাপূর্ণ ‘মুখ্যমন্ত্রী পদক’-এ (Chief Minister’s Medal) ভূষিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে কলকাতার রেড রোডের রাষ্ট্রীয় অনুষ্ঠান মঞ্চ থেকে এই দুর্ধর্ষ অফিসারদের নাম ঘোষণা ও পুরস্কৃত করার প্রক্রিয়া সম্পন্ন হয়। নবান্ন ও রাজ্য প্রশাসনিক সূত্রের খবর, পেশাদারিত্ব এবং দক্ষতার ওপর ভিত্তি করে এই ১৪ জন আইপিএস আধিকারিককে মূলত দু’টি বিভাগে এই বিশেষ সম্মান দেওয়া হয়েছে—৬ জনকে ‘অসামান্য অবদান’ (Outstanding Contribution) এবং বাকি ৮ জনকে ‘প্রশংসনীয় কাজের’ (Commendable Service) জন্য।
মুখ্যমন্ত্রীর হাত থেকে সর্বোচ্চ ক্যাটাগরির এই বিশেষ সম্মান পেয়েছেন রাজ্যের ৬ হেভিওয়েট আইপিএস অফিসার। ১. দময়ন্তী সেন (যিনি অতীতে পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তের নেতৃত্ব দিয়ে ব্যাপক চর্চায় এসেছিলেন এবং বর্তমান জমানায় নারীদের সুরক্ষায় গঠিত বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন) ২. অজয় কুমার (যিনি বাম আমলের রিজওয়ানুর রহমান মামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন) ৩. নীরজ কুমার সিং ৪. কে জয়রামন (বর্তমানে দুর্নীতি দমন শাখার বা Anti-Corruption Bureau-র শীর্ষ দায়িত্বে থাকা আইপিএস অফিসার, যিনি সততার জন্য বিশেষভাবে পরিচিত) ৫. প্রণব কুমার ৬. কুনাল আগরওয়াল (যুগ্ম কমিশনার, অপরাধ, কলকাতা পুলিশ)।
নিজেদের কাজের ক্ষেত্রে সততা এবং দক্ষতার পরিচয় দেওয়ায় বাকি ৮ জন পুলিশ আধিকারিককে ‘Commendable Service’ পদক দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছেন: কঙ্কর প্রসাদ বারুই (প্রেসিডেন্সি রেঞ্জের আইজি), সুনীল কুমার যাদব (চন্দননগরের পুলিশ কমিশনার), রথোড় অমিত কুমার, ভারত, সূর্য প্রতাপ যাদব, পুষ্পা, অংশুমান সাহা, শচীন মক্কর, ডক্টর অরবিন্দ কুমার আনন্দ।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর পদ্ম শিবিরের অধীনে এটিই রাজ্যের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন। রেড রোডে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ বাহিনীকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন যে, রাজ্যে পুলিশি ব্যবস্থার কোনো রাজনৈতিক অপব্যবহার বরদাস্ত করা হবে না। যারা কোনো রাজনৈতিক চাপ ছাড়া সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করবেন, প্রশাসন তাঁদের সবসময় পুরস্কৃত করবে।যোগ্যতা ও মেধার ভিত্তিতে দময়ন্তী সেনসহ এই ১৪ জন আইপিএস অফিসারের এই সম্মানপ্রাপ্তি রাজ্যের পুলিশ মহলে অত্যন্ত সদর্থক বার্তা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।