প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদে এরাজ্যের আন্দোলনের আঁচ এখনও নেভেনি। এই আবহে এবার বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেওয়ালে লেখা আর জি কর কাণ্ডের প্রতিবাদী স্লোগান নিয়ে চরম নির্দেশ দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের দেওয়ালে আর জি কর আবহের সময় ছাত্র আন্দোলনের জেরে লেখা সমস্ত স্লোগান আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ মুছে ফেলার কড়া নির্দেশ জারি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে। এই নির্দেশকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ও পড়ুয়াদের মধ্যে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আর জি কর কাণ্ডের সময় উত্তাল ছাত্র আন্দোলনের আবহে বর্ধমান মেডিক্যাল কলেজের দেওয়ালে দেওয়ালে ক্ষোভ উগরে দিয়েছিলেন জুনিয়র ডাক্তার ও সাধারণ পড়ুয়ারা। হাসপাতালের দেওয়ালে লেখা হয়েছিল—’জাস্টিস ফর আর জি কর’ (Justice for R G Kar)’উই ওয়ান্ট জাস্টিস’ (We Want Justice)’শিরদাঁড়া বিক্রি নেই”স্টপ রেপ কালচার’ (Stop Rape Culture) দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন দেওয়ালে জ্বলজ্বল করছিল এই প্রতিবাদের ভাষা। কিন্তু আচমকাই স্বাস্থ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর হাসপাতাল চত্বরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, শিক্ষাঙ্গন ও হাসপাতালের পরিকাঠামোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কোনো রাজনৈতিক বা প্রতিবাদী স্লোগান যাতে হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় দীর্ঘস্থায়ী রূপ না নেয়, তা নিশ্চিত করতেই এই ২৪ ঘণ্টার ডেডলাইন দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রকের এই নির্দেশের পরই ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের দাবি, দেওয়ালে লেখা স্লোগান মুছে দেওয়া যেতে পারে, কিন্তু আর জি করের বিচার চেয়ে মনের ভেতর যে স্লোগান তৈরি হয়েছে, তা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়।

বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর এই নির্দেশিকা পাওয়ার পর দেওয়ালে লেখা স্লোগানগুলি মোছার জন্য কর্মীদের নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে, হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামো বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য।