প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নেপালে আচমকা নেমে আসা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়লেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। চীন সীমান্ত ঘেঁষা নেপালের রাসুয়া জেলায় আকস্মিক হড়পা বানের (Flash Flood) জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের মাঝেই সেখানে একটি নতুন ছবির শুটিং করতে গিয়ে সস্ত্রীক আটকে পড়েছেন অভিনেতা। তবে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে শেষ পাওয়া খবর অনুযায়ী, খরাজ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় সম্পূর্ণ নিরাপদ স্থানে রয়েছেন।

জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘শিকার’ ছবির শুটিংয়ের উদ্দেশ্যে গত ২০ আগস্ট নেপাল পাড়ি দিয়েছিলেন খরাজ মুখোপাধ্যায় এবং পুরো শুটিং ইউনিট। এই ছবিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও রয়েছেন। কিন্তু দুর্গম পার্বত্য এলাকায় অনবরত বৃষ্টি, ধস এবং হড়পা বানের জেরে রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে বাধ্য হয়েই ছবির শুটিং মাঝপথে স্থগিত করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ে জল্পনা তৈরি হতেই খরাজ মুখোপাধ্যায়ের পুত্র বিহু (তমোঘ্ন) মুখোপাধ্যায় সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়ে সকলকে আশ্বস্ত করেছেন। তিনি জানান:”বাবা এবং মা দুজনেই একদম ভালো আছেন। ওরা এই মুহূর্তে পোখরাতে রয়েছেন। যেখানে মূল প্রাকৃতিক বিপর্যয়টি ঘটেছে, সেখান থেকে শুটিং স্পট এবং হোটেল অনেকটাই দূরে। তবে প্রচণ্ড বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় ওরা আটকে পড়েছেন।”

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) কাঠমান্ডু থেকে বিমানে সরাসরি কলকাতায় ফেরার কথা ছিল খরাজ মুখোপাধ্যায়ের। কিন্তু নেপালের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় রুট বদল করতে হয়েছে। খরাজ মুখোপাধ্যায় নিজে আজ গণমাধ্যমকে জানিয়েছেন যে, তাঁরা সড়কপথে নিরাপদ রুট ধরে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরে পৌঁছে গিয়েছেন। আজ রাতে তাঁরা ওখানেই থাকবেন এবং আগামীকাল, ২৮ আগস্ট (শুক্রবার) গোরক্ষপুর থেকে সরাসরি বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। অন্যদিকে, এই ছবিরই অন্যতম সহ-অভিনেতা রজতাভ দত্তের অংশের শুটিং আগে শেষ হয়ে যাওয়ায় তিনি গত ১৩ আগস্ট নিরাপদে কলকাতায় ফিরে এসেছেন এবং সহ-শিল্পীদের সুরক্ষার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন।