প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ প্রায় ১৫ বছর পর এক ঐতিহাসিক সংস্কারের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গের পর্যটন দফতর। আজ, শুক্রবার সকালে কলকাতার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন অফিশিয়াল লোগো এবং ব্র্যান্ডিংয়ের শুভ উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘দেখব নতুন রূপে, দেখব নতুন চোখে’—এই বিশেষ ধারণাকে সামনে রেখেই রাজ্য পর্যটনকে বিশ্বমানচিত্রে রি-ব্র্যান্ডিং করার এক মহাপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, শিল্প মন্ত্রী তাপস রায় এবং তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী সহ রাজ্য প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। বিশিষ্ট শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী এই অনুষ্ঠানের ফিতে কেটে নতুন লোগোর আত্মপ্রকাশ ঘটান।

লোগো উন্মোচনের পাশাপাশি এদিন রাজ্য পর্যটনের নতুন আন্তর্জাতিক স্লোগানও প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন স্লোগান নির্ধারণ করা হয়েছে—”West Bengal: Where India feels different”।অনুষ্ঠানে রাজ্যের পর্যটন পরিকাঠামো পুনরুজ্জীবনে একাধিক বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানান, পর্যটন খাতকে গতিশীল ও বিশ্বমানের করতে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আফসোস প্রকাশ করে বলেন, “একসময় ‘ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ’ নাম ছিল। কিন্তু পরবর্তীতে রাজ্যের সেই সম্ভাবনাগুলো নষ্ট করা হয়েছে। পর্যটকরা আমাদের রাজ্যের ওপর দিয়েই সিকিম চলে যান, বাংলায় থামেন না। এই পরিস্থিতির বদল আনতেই আমরা এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছি।”

রাজ্য পর্যটনকে আধুনিক রূপ দিতে মুখ্যমন্ত্রী একগুচ্ছ বড় উদ্যোগের কথা জানান। রাজ্যের অধীনে থাকা সমস্ত সরকারি ট্যুরিস্ট লজগুলির দ্রুত সংস্কার ও পরিকাঠামো উন্নত করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু লজকে আরও পেশাদার উপায়ে চালানোর জন্য বেসরকারি অংশীদারিত্বে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বন্যপ্রাণী ও পরিবেশ পর্যটনে জোর দিতে আগামী ২ অক্টোবর বন দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে আনুষ্ঠানিকভাবে বাঘ ছাড়া হবে। পাশাপাশি সুন্দরবনের পরিবেশ রক্ষায় ২০ লক্ষ ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ শুরু হচ্ছে।সংস্কৃতি রক্ষায় কর্মীদের জন্য ‘ঐতিহ্যবাহী পোশাক বিধি’বাঙালির আড্ডা, উৎসব ও সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরতে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের একটি বিশেষ প্রস্তাবকে এদিন সিলমোহর দেন মুখ্যমন্ত্রী। বছরের ১২টি বিশেষ উৎসব ও উদযাপনের দিনে (যেমন—পয়লা বৈশাখ, সরস্বতী পুজো, দুর্গাপুজোর অষ্টমী ইত্যাদি) পর্যটন দফতরের সমস্ত কর্মী ও আধিকারিকেরা বাধ্যতামূলকভাবে বাংলার ঐতিহ্যবাহী পোশাক পরে কার্যালয়ে আসবেন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী দেবজিৎ দত্তের (যিনি আউল ম্যান নামে পরিচিত) শিল্পভাবনায় তৈরি এই নতুন লোগো, নতুন থিম টোন এবং নতুন স্লোগান আগামী দিনে বাংলার পর্যটন ব্যবসাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।