প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে দুর্নীতি দমনে ফের বড়সড় অভিযানে নামল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন। এবার কমিশনের স্ক্যানারে বেলেঘাটার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অলকানন্দ দাস। বিপুল পরিমাণ আয়বহির্ভূত সম্পত্তির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার তাঁর বাড়ি ও পৈতৃক ভিটেসহ একাধিক ঠিকানায় আচমকা হানা দিলেন তদন্তকারীরা।কিছুদিন আগেই কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের জোড়া সংস্থায় ম্যারাথন অভিযান চালিয়েছিল এই বিশেষ তদন্ত কমিশন। সেই রেশ কাটতে না কাটতেই এবার অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন অলকানন্দের খোঁজে বেলেঘাটায় পৌঁছায়।

তদন্ত কমিশন সূত্রে খবর, অলকানন্দ দাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল বেআইনি সম্পত্তি গড়ে তোলার নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল। সেই সম্পত্তির উৎস সন্ধানেই এবার সরাসরি ময়দানে নেমেছে কমিশন। এদিন বেলেঘাটায় প্রাক্তন কাউন্সিলরের মূল আবাসে পৌঁছনোর আগে চাউলপট্টি এলাকায় অলকানন্দের পৈতৃক বাড়িতে হানা দেন তদন্তকারীরা। সেখানে প্রাথমিক তল্লাশি ও নথিপত্র খতিয়ে দেখার পরই তাঁর বেলেঘাটার নিজস্ব বাসভবনে পৌঁছে যান কমিশনের আধিকারিকরা।

অলকানন্দের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কত এবং আয়ের প্রকৃত উৎসের সাথে তার সামঞ্জস্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে বিভিন্ন নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। ফিরহাদ হাকিমের পর বেলেঘাটার এই প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে কমিশনের এই মেগা তল্লাশিতে প্রাক্তন শাসক শিবিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।