প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, কৃষক এবং অসহায় মহিলাদের আর্থ-সামাজিক নিরাপত্তা দিতে একগুচ্ছ অভূতপূর্ব ও চাঞ্চল্যকর ঘোষণা করল রাজ্যের নতুন ডবল ইঞ্জিন সরকার। আজ, ৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) মালদহের বন্যাদুর্গত মানিকচক ও ভূতনি এলাকা পরিদর্শনে গিয়ে এক মেগা জনসভা থেকে সরাসরি সাধারণ মানুষের পকেটে আর্থিক সুবিধা পৌঁছে দেওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসবের মরশুমের ঠিক আগেই মুখ্যমন্ত্রীর এই একগুচ্ছ উপহার গ্রামীণ ও প্রান্তিক মানুষের জীবনে বিরাট স্বস্তি এনে দিয়েছে।

কৃষকদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “পিএম কিষাণ যোজনায় ৬ হাজারের সঙ্গে এ বছর বাড়তি ৩ হাজার পাবেন কৃষকরা।” অর্থাৎ চলতি বছরে বাংলার কৃষকরা সরাসরি তাঁদের অ্যাকাউন্টে মোট ৯,০০০ টাকা পেতে চলেছেন। রাজ্যের অসহায় মহিলাদের সামাজিক সুরক্ষা দিতে মুখ্যমন্ত্রী জানান, গত অগাস্ট মাস থেকেই উপভোক্তারা ১,০০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ১,৫০০ টাকা করে বিধবা ভাতা পাচ্ছেন। বিগত সরকারের আমলের ১০০ দিনের কাজের বকেয়া জট ও দুর্নীতি পুরোপুরি মুছে দিতে রাজ্যে নতুন চালু হওয়া VB-G RAM G যোজনা (১২5 দিনের কাজ) কড়াভাবে প্রয়োগ করা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “এই জেলায় (মালদহ) ইতিমধ্যেই ১২৫ দিনের কাজ শুরু হয়ে গিয়েছে”। একই সাথে গ্রামীণ মানুষের হাতে সরাসরি উপার্জনের টাকা তুলে দেওয়ার সময়সীমা স্পষ্ট করে তিনি বলেন, “প্রত্যেক পঞ্চায়েত আগামী ৬ মাসের মধ্যে ৩৪ হাজার ৫০০ টাকা করে দেবেন জব কার্ড হোল্ডারদের।” এই টাকা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT) ব্যবস্থার মাধ্যমে জমা হবে।

রাজ্যের নাগরিকদের নিখরচায় দেশের সেরা চিকিৎসা পরিষেবা দিতে সরকার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সারা ভারতের প্রায় ৩৮ হাজার তালিকাভুক্ত হাসপাতালে চিকিৎসার অভূতপূর্ব সুযোগ পাবেন বাংলার মানুষ। তবে নিয়মের কারণে বা কারিগরি জটে যাঁরা কোনোভাবে আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবেন না, তাঁদের জন্যও রয়েছে বিকল্প ব্যবস্থা। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা আয়ূষ্মানে আসতে পারবেন না, একই সুবিধার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমায় নাম নথিবদ্ধ করবেন।” বিগত জমানার কাটমানি সংস্কৃতি ও প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে, সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সরাসরি আমজনতার উপকারে টাকা পৌঁছে দিতে বদ্ধপরিকর নতুন প্রশাসন। মালদহের বন্যা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি (গঙ্গা ভাঙন রোধে মেগা প্রজেক্ট সহ) মুখ্যমন্ত্রীর এই একগুচ্ছ মেগা ঘোষণা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চালচিত্রকে এক নতুন গতি দেবে বলেই মনে করছে রাজনৈতিক ও ওয়াকিবহাল মহল।