প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তিলোত্তমার ক্ষমতার অলিন্দে পালাবদল ঘটে গিয়েছে অনেক আগেই, বদলে গিয়েছে প্রশাসনের শিরদাঁড়াও। কিন্তু বদলায়নি কালীঘাটের পুরনো মেজাজ, আর বদলায়নি উর্দিধারীদের আঙুল উঁচিয়ে ‘হিসেব বুঝে নেওয়ার’ সেই চেনা হুমকির ভাষা! আর সেই লাগামছাড়া দম্ভের জেরেই এবার সরাসরি আইনের গেরোয় পড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিশকে প্রকাশ্যে ভয় দেখানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার গুরুতর অভিযোগে এবার তাঁকে সশরীরে তলব করল কলকাতা পুলিশ। আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তাঁকে গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ ১৩ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় গিরিশ পার্ক থানার আধিকারিকরা সোজা পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে। সেখানে তাঁর পরিবারের সদস্যদের হাতে এই তলবি নোটিস তুলে দেওয়া হয়। পাশাপাশি কোনো আইনি ফাঁকফোকর বা ‘নোটিস পাইনি’ গোছের অজুহাত দেওয়ার সুযোগ না রাখতে সাংসদের অফিসিয়াল ইমেলেও সমনের প্রতিলিপি পাঠিয়ে দিয়েছে লালবাজার।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই মামলার শিকড় লুকিয়ে রয়েছে গত অক্টোবর মাসের একটি উত্তপ্ত রাজনৈতিক অধ্যায়ে। গত ৩১ অক্টোবর এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং উর্দিধারীদের ভয় দেখানোর লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার (BNS) নির্দিষ্ট ধারায় এফআইআর (FIR) রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। গত মাসে তৃণমূল নেতা ইন্দ্রনীল সেনের গ্রেফতারির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক। অভিযোগ ওঠে, নাম না করে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ একাধিক পুলিশ আধিকারিককে কার্যত শাসিয়ে তিনি বলেছিলেন, পক্ষপাতদুষ্ট পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখা হচ্ছে এবং ভবিষ্যতে তাঁদের কাছ থেকে ‘সুদে-আসলে’ সব হিসেব বুঝে নেওয়া হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকার সুবাদে পুলিশ প্রশাসনকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার করার যে ‘জমিদারি সংস্কৃতি’ তৃণমূল তৈরি করেছিল, রাজ্যে পালাবদলের পরও সেই ঘোর কাটেনি দলের শীর্ষ নেতৃত্বের। গণতান্ত্রিক ব্যবস্থায় একজন সাংসদ হয়ে কীভাবে প্রকাশ্য মঞ্চ থেকে প্রশাসনিক আধিকারিকদের ‘হিসেব বুঝে নেওয়ার’ হুমকি দেওয়া যায়, তা নিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে নাগরিক মহলে। বিরোধী এবং ওয়াকিবহাল মহলের কড়া প্রশ্ন, যিনি নিজে কথায় কথায় আইন ও সংবিধানের পাঠ পড়ান, তিনিই কীভাবে আইনরক্ষকদের প্রকাশ্যে ভয় দেখান? রাজনৈতিক বিশ্লেষকদের স্পষ্ট বক্তব্য, বর্তমান প্রশাসনের আমলে আইন যে সবার জন্য সমান এবং পদবির দম্ভ দেখিয়ে উর্দিধারীদের ধমকানো যে আর বরদাস্ত করা হবে না, গিরিশ পার্ক থানার এই তলব তারই একটি কড়া ও নজিরবিহীন বার্তা। এখন দেখার, আগামী ২০ নভেম্বর নির্ধারিত সময়ে ডায়মন্ড হারবারের সাংসদ গিরিশ পার্ক থানায় হাজিরা দিয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হন, নাকি আইনি রক্ষাকবচ পেতে ফের আদালতের দরজায় কড়া নাড়েন।