প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শহর কলকাতার নাগরিক পরিষেবা কি আইনি জটিলতার ফেরে আটকে পড়বে? নাকি সাধারণ মানুষের প্রতিদিনের জল, আলো আর সাফাইয়ের প্রয়োজনকে সবার আগে গুরুত্ব দেবে প্রশাসন? এই প্রশ্ন যখন তিলোত্তমার অলিগলিতে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় বার্তা দিয়ে সব জল্পনার অবসান ঘটালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডে আপাতত কো-অর্ডিনেটর নিয়োগ করে পরিষেবা সচল রাখার যে প্রশাসনিক দূরদর্শিতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবার সেই সুরেই সুর মেলালেন রাজ্য সভাপতি। সাফ জানিয়ে দিলেন, ওয়ার্ড কো-অর্ডিনেটর হবেন দলের স্থানীয় নেতারাই।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত ঋজু এবং যুক্তিনিষ্ঠ ভঙ্গিতে শমীক ভট্টাচার্য দলের অবস্থান পরিষ্কার করেন। তাঁর কথায়—কো-অর্ডিনেটর নিয়োগ নিয়ে কোনো রাখঢাক না রেখেই তিনি জানান, ওয়ার্ড কো-অর্ডিনেটর তাঁদের দলের লোকই হবেন এবং কে এই দায়িত্ব সামলাবেন, তা দলই ঠিক করবে। বাম ও তৃণমূলকে নিশানা করে তাঁর তীক্ষ্ণ প্রশ্ন, অন্য দলের লোকেরা কেন কো-অর্ডিনেটর হবেন? বামেদের পার্টি অফিস থেকে কাউকে বা তৃণমূলের চিহ্নিতদের তো আর মানুষের সেবার এই গুরুত্বপূর্ণ পদে বসানো যায় না।

সম্প্রতি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। এই অচলাবস্থার জেরে সাধারণ নাগরিকরা যাতে ন্যূনতম ভোগান্তিতে না পড়েন, সেই বিষয়টি সবার আগে ভাবিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তবে আইনি লড়াইয়ের মাঝে মানুষের পরিষেবা যাতে এক মুহূর্তের জন্যও থমকে না যায়, সেজন্য নির্ধারিত সময়ের পর ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সেই জনদরদি সিদ্ধান্তকে সাংগঠনিক স্তরে বাস্তবায়িত করার রূপরেখা তুলে ধরলেন শমীক ভট্টাচার্য। তবে তিনি এও মনে করিয়ে দিয়েছেন যে কো-অর্ডিনেটর বসানো বিজেপির প্রথম পছন্দ নয়। বিজেপি চায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমেই মানুষ তাঁদের প্রতিনিধি বেছে নিন। কিন্তু মামলা করে বিরোধীরা ভোট আটকে রাখায় সাধারণ মানুষের স্বার্থেই এই বিকল্প ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে সরকার।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত ও জনমুখী প্রশাসনিক সিদ্ধান্ত এবং অন্যদিকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বচ্ছ ও বলিষ্ঠ সাংগঠনিক অবস্থান—দুইয়ের মেলবন্ধনে কলকাতার নাগরিক পরিষেবা নিয়ে তৈরি হওয়া সংশয় পুরোপুরি কেটে গেল। ক্ষমতার অলিন্দে থেকেও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা যে বর্তমান বিজেপি সরকারের কাছে সবার আগে, এই পদক্ষেপ তারই প্রমাণ।