প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বঙ্গ রাজনীতিতে ‘ভোলবদল’ আর ‘অবস্থান বদল’ যে এখন নিত্যনৈমিত্তিক জলভাত, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হাওড়ার এনসিপিআই (NCPI) সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (১৩ নভেম্বর) কলকাতার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচন ও জন্মদিনের অনুষ্ঠানে মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের পাশে বসে যে ‘সখ্য’ ও ‘ফিরে আসার’ সুর চড়িয়েছিলেন তিনি, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেখান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন প্রাক্তন এই ফুটবলার। শনিবার নিজের সাংসদ প্যাডে লিখিত বিবৃতি জারি করে প্রসূন দাবি করেছেন, কুণাল ঘোষের সঙ্গে তাঁর নাকি রাজনীতি নিয়ে কোনো কথাই হয়নি!
২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে নাম লিখিয়েছিলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুক্রবার (১৩ নভেম্বর) বিবাদী বাগে রিজার্ভ ব্যাঙ্ক ভবনের সামনে ‘গণ সংস্কৃতি সংসদ’-এর উদ্যোগে আয়োজিত প্রিয়রঞ্জন দাশমুন্সির আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ধরা পড়ল এক অন্য ছবি। মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের ঠিক পাশেই বসে দীর্ঘক্ষণ খোশগল্পে মাততে দেখা যায় প্রসূনকে। নাটক সেখানেই থেমে থাকেনি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে প্রসূনকে পাশে বসিয়ে কুণাল ঘোষ নাম না করে দলত্যাগী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারদের নিশানা করে বলেন, “প্রসূনদা মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক। তাই আমি প্রসূনদাকে অনুরোধ করলাম যে দিল্লিতে যে এই ধোপার বাড়িতে যাঁরা গিয়েছেন, রাজনীতির কালিমা আপনাকে মানায় না।” কুণাল আরও দাবি করেন, প্রসূন নাকি তাঁর ভুল স্বীকার করেছেন এবং বিষয়টি নিয়ে কী করা যায় তা ভেবে দেখার কথা বলেছেন। কুণালের সেই খোঁচায় সায় দিয়ে প্রসূনও তখন বলেছিলেন, “একদম ঠিক কথা বলেছেন কুণাল। আমি নেই, আমি থাকব না। ফুটবল খেলব।” পাশাপাশি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “খেলার ময়দানে দল পাল্টেছি অনেক বার। এখন একটি রাজনৈতিক দলে আছি ঠিকই। তবে আমি আবার ফিরে আসব।” (আরেক প্রশ্নের উত্তরে তিনি অবশ্য বলেছিলেন, দল বলতে শুধু মোহনবাগান)।
শুক্রবারের সেই দৃশ্যের পর রাজ্য রাজনীতিতে প্রসূনের ‘ঘরে ফেরা’ নিয়ে তীব্র জল্পনা শুরু হতেই শনিবার (১৪ নভেম্বর) তড়িঘড়ি ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামেন হাওড়ার সাংসদ। নিজের এমপি (MP) প্যাডে লিখিত বিবৃতি দিয়ে প্রসূন জানান: “শুক্রবার প্রিয়দার মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সেখানে কুণাল ঘোষ-সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কুণাল আমার পাশেই বসেছিলেন। আমরা নিজেদের মধ্যে সৌজন্য ও শুজ্জেচ্ছা বিনিময় করি এবং প্রিয়দা সম্পর্কে কথাবার্তা বলি। আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো আলোচনাই হয়নি।” পাশাপাশি সংবাদমাধ্যমের একাংশ অযথা বিষয়টিকে রাজনৈতিক রং দিচ্ছে বলেও দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। যদিও গতকালই তাঁরই দলের আরেক সাংসদ আবু তাহের বিষয়টি সামাল দিতে বলেছিলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিনে একসঙ্গে থাকায় কোনো সমস্যা নেই এবং প্রসূন এনসিপিআই-তেই থাকবেন।
উল্লেখ্য, প্রিয়রঞ্জন দাশমুন্সির ওই স্মরণসভায় মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় ও কুণাল ঘোষ ছাড়াও গণতান্ত্রিক তৃণমূলের মদন মিত্র, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সুজন চক্রবর্তী এবং কংগ্রেসের শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানরা উপস্থিত ছিলেন। সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলকে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন কুণাল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২৬-এর ভোটে ক্ষমতা হারানো এবং দলের ২০ জন লোকসভা সাংসদ এনসিপিআই-তে চলে যাওয়ার পর এমনিতেই অস্তিত্ব সংকটে ভুগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তাই পুরনো নেতাদের ফিরিয়ে এনে অক্সিজেন জোগাড়ের মরিয়া চেষ্টা চালাচ্ছেন কুণাল ঘোষরা। অন্যদিকে, বিজেপির জোট শরিক এনসিপিআই-তে যাওয়ার পর একাধিক সাংসদ নিজের এলাকায় ভোটারদের বিক্ষোভের আশঙ্কায় অস্বস্তিতে রয়েছেন বলে খবর। কালীঘাটের অন্দরের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রসূনের এই মন্তব্যকে এখনই খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না।
ফলে ওয়াকিবহাল মহলের প্রশ্ন: যদি কুণালের সঙ্গে কেবলই প্রিয়রঞ্জন দাশমুন্সিকে নিয়ে স্মৃতিচারণ হয়ে থাকে, তবে শুক্রবার প্রকাশ্যে কুণালের রাজনৈতিক কটাক্ষকে সমর্থন জানিয়ে এবং খেলার মাঠে দলবদলের উদাহরণ টেনে “আবার ফিরে আসব” বলার নাটক কেন করেছিলেন প্রসূন? নাকি কালীঘাটের অন্দরমহল থেকে প্রত্যাবর্তনের বিষয়ে তেমন কোনো ইতিবাচক সবুজ সংকেত না পেয়ে, এবং অন্যদিকে দিল্লির শীর্ষ নেতৃত্ব ও এনসিপিআই-এর প্রবল চাপে পড়েই রাতারাতি ‘সৌজন্যের’ দোহাই দিয়ে মুখ বাঁচাতে চাইছেন প্রাক্তন ফুটবলার? জনতার দরবারে বারবার এভাবে অবস্থান বদল করে নেতারা আদতে নিজেদের বিশ্বাসযোগ্যতাই তলানিতে নিয়ে যাচ্ছেন, প্রসূন-কুণালের এই দু’দিনের নাটক যেন তারই জলজ্যান্ত প্রমাণ।