প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জম্মু-কাশ্মীরের মাটি থেকে সন্ত্রাসবাদের শিকড় পুরোপুরি উপড়ে ফেলতে আরও এক বড়সড় সাফল্য পেল ভারতের নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় এক রুদ্ধশ্বাস অভিযানে খতম হলো উপত্যকায় লস্কর-ই-তইবা (LeT)-র শেষ সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাট। বুধবার ভোরে কুলগামের জঙ্গলপোরা (Zangalpora) এলাকায় যৌথ বাহিনীর এই সাফল্যের পরই সমাজমাধ্যমে (X) নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে অমিত শাহ জানান, এই অভিযান নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের এক অনন্য নজির। তিনি লেখেন— “জম্মু-কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ (CRPF) এবং গোয়েন্দা সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টায় উপত্যকায় লস্কর-ই-তইবার সর্বশেষ সক্রিয় স্থানীয় জঙ্গি লতিফ ভাটকে আজ ভোরে কুলগামে এক অভিযানে নিকেশ করা হয়েছে। এর আগে কুলগামেই তার সহযোগী উমর নিসারকেও নিকেশ করা হয়েছিল। পুরো অভিযানটি অত্যন্ত উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। দেশ জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা, সিআরপিএফ এবং গোয়েন্দা সংস্থাগুলির বীর জওয়ানদের স্যালুট জানায়।”
প্রশাসনিক ও নিরাপত্তা সূত্রে খবর—গত ১১ নভেম্বর কুলগামের আখরান এলাকায় সিআরপিএফ (CRPF)-এর একটি চেকপোস্টে হামলা চালিয়েছিল জঙ্গিরা, যাতে তিনজন জওয়ান আহত হন। ওই হামলার মূল চক্রী ছিল ১৫ লক্ষ টাকা মাথার দাম থাকা লস্কর কমান্ডার লতিফ ভাট এবং তার সহযোগী উমর নিসার দার। হামলার পর থেকেই দক্ষিণ কাশ্মীর জুড়ে চিরুনি তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। সোমবার (১৬ নভেম্বর) কুলগামের লারু (Laroo) এলাকায় এনকাউন্টারে খতম হয় লতিফের সহযোগী উমর নিসার। সেদিন ঘেরাও এড়িয়ে পালাতে সক্ষম হয়েছিল লতিফ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার (১৮ নভেম্বর) ভোর ৩টে নাগাদ কুলগামের জঙ্গলপোরা গ্রামের একটি মসজিদে লুকিয়ে থাকা লতিফকে ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পবিত্র উপাসনাস্থলের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে বাহিনী চরম সংযম দেখায় এবং ফোনে তার পরিবারের মাধ্যমে লতিফকে আত্মসমর্পণের অনুরোধ জানায়। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে সে গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলিতে নিকেশ হয় উপত্যকায় লস্করের এই শেষ স্থানীয় জঙ্গি।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, লতিফ ভাটের নিকেশ হওয়া উপত্যকায় জঙ্গি সংগঠনগুলির স্থানীয় নেটওয়ার্কের কোমর ভেঙে দিল। একটি মসজিদের ভেতরে জঙ্গি লুকিয়ে থাকা সত্ত্বেও কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যেভাবে নিখুঁত গোয়েন্দা তথ্য এবং সেনা-পুলিশ-সিআরপিএফের যৌথ সমন্বয়ে অভিযানটি সফল হয়েছে, তা ভারতের সন্ত্রাসবিরোধী অভিযানের ইতিহাসে নিঃসন্দেহে এক বড় সাফল্য।