প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাধারণত বাংলার মানুষ কী দেখে অভ্যস্ত? মন্ত্রী মানেই নবান্ন বা খাদ্যভবনের শীততাপ নিয়ন্ত্রিত ঘর, বড় বড় ফাইল আর নিরাপত্তার ঘেরাটোপ। আর রেশন ব্যবস্থা মানেই বছরের পর বছর ধরে চলা ওজনে কম দেওয়া, নিম্নমানের চাল-গম কিংবা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হওয়ার হাজারো অভিযোগ! কিন্তু পরিবর্তনের বাংলায় এবার যেন সেই চেনা ছবিটা আমূল বদলে যাচ্ছে। কোনো আগাম ঘোষণা ছাড়াই, প্রশাসনিক বহর না নিয়ে সোজা মালদার প্রত্যন্ত গ্রামে পৌঁছে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। বুধবার পুরাতন মালদা ব্লকের খেজুরিয়া এবং পাঁচগ্রাম এলাকায় আচমকা পরিদর্শনে যান তিনি। গ্রামের মেঠো রাস্তায় এবং রেশন দোকানের সামনে খোদ খাদ্যমন্ত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে তো নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারেননি স্থানীয় বাসিন্দারা! কোনো মধ্যস্থতাকারী বা স্থানীয় নেতার মাধ্যমে নয়, মন্ত্রী সরাসরি কথা বলেন গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর সঙ্গে। তাঁরা নিয়মিত রেশন পাচ্ছেন কি না, ওজনে সঠিক পরিমাণ খাদ্যশস্য দেওয়া হচ্ছে কি না এবং চালের গুণগত মান কেমন— খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু জেনে নেন অশোক কীর্তনীয়া। এরপরই রেশন দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতার কড়া বার্তা দেন তিনি। মন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি— গরিব মানুষের প্রাপ্য রেশন নিয়ে কোনো ধরনের কারচুপি বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। অনিয়মের প্রমাণ মিললেই কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, স্বাধীনতার পর থেকে বাংলার প্রশাসনিক ইতিহাসে এভাবে কোনো খাদ্যমন্ত্রীকে আচমকা প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড়িয়ে রেশন ব্যবস্থার তদারকি করতে খুব একটা দেখা যায়নি। যে রেশন দুর্নীতি নিয়ে বিগত দিনে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল, আজ সেই দপ্তরের মন্ত্রী নিজেই রাস্তায় নেমে দুর্নীতির শিকড় উপড়ে ফেলার বার্তা দিচ্ছেন। এর ঠিক একদিন আগেই বীরভূমের বোলপুরে আচমকা পরিদর্শনে গিয়ে আদিবাসী পরিবারকে রেশন কম দেওয়ার অভিযোগে এক ডিলারকে ঘটনাস্থলেই সাসপেন্ড করেছিলেন তিনি। আর তার চব্বিশ ঘণ্টার মধ্যেই সোজা মালদায়!

ওয়াকিবহাল মহলের মতে, বর্তমান বিজেপি সরকারের এই সক্রিয়তা প্রমাণ করে যে, সুশাসন কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়— বরং তা মাটির কাছাকাছি পৌঁছে বাস্তবায়ন করার সদিচ্ছা প্রশাসনের রয়েছে। প্রান্তিক মানুষের দুয়ারে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনার এই নতুন সংস্কৃতি নিঃসন্দেহে বাংলার প্রশাসনিক ইতিহাসে এক ইতিবাচক ও নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।