প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-প্রকৃতির তাণ্ডবে তখন সব শেষ। জলের তলায় ডুবে গিয়েছে ডুয়ার্সের একের পর এক জনপদ, মাথার ওপর ছাদ হারিয়ে খোলা আকাশের নিচে হাহাকার করছে অসহায় মানুষ। ঠিক এমনই এক চরম বিপর্যয়ের দিনে মানুষের মুখে একমুঠো অন্ন আর ত্রাণ সামগ্রী তুলে দিতে নাগরাকাটার বামনডাঙায় ছুটে গিয়েছিলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু। কিন্তু মানবতার সেই ডাকে সাড়া দেওয়ার বদলে সেদিন তাঁর কপালে জুটেছিল ইট-পাথর আর রক্তাক্ত ক্ষত! সেদিনের সেই অমানবিক ঘটনার ঠিক এক বছর পর অবশেষে বিচারের আলো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গবাসী। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) আলিপুরদুয়ারের রায়ডাক ময়দান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই মামলার পুরনো ফাইল রিওপেনের নির্দেশ দিতেই আবেগাপ্লুত বামনডাঙা ও ডুয়ার্সের সাধারণ মানুষ। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট ঘোষণা—”উনি বন্যার্ত মানুষের হাতে ত্রাণ তুলে দিতে গিয়েছিলেন। খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড়া হবে না। প্রত্যেক অভিযুক্তদের শাস্তি হবে।”
ফিরে দেখা যাক ২০২৫ সালের ৬ অক্টোবর। ভয়াবহ বন্যা ও ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গে তখন ত্রাণের জন্য হাহাকার। অভিযোগ, বামনডাঙায় দুর্গতদের পাশে দাঁড়াতে গেলে একদল উন্মত্ত দুষ্কৃতী সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষের কনভয়ে ঝাঁপিয়ে পড়ে। পাথরের আঘাতে রক্তাক্ত হন খগেন মুর্মু, ভেঙে যায় তাঁর চোয়ালের হাড়। নাগরিক সমাজের একাংশ ও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সেদিনের ঘটনা তৎকালীন তৃণমূল সরকারের ‘ত্রাণ-রাজনীতি’র কদর্য চেহারাটাই সামনে এনে দিয়েছিল। বিশ্লেষকদের অভিযোগ, বিগত শাসকদলের জমানায় ত্রাণ বিলি নিয়েও নগ্ন একাধিপত্য কায়েম করার প্রবণতা ছিল। বিরোধী দলের কোনো জনপ্রতিনিধি বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গেলে শাসকদলের মদতপুষ্ট বাহুবলীরা তা বরদাস্ত করত না। স্থানীয় বাসিন্দাদের অভিমত, সেদিন বন্যার্তদের চোখের সামনেই একজন সাংসদকে রক্তাক্ত করা হয়েছিল, অথচ তৎকালীন প্রশাসন অপরাধীদের আড়াল করে মানবতাকেই অপমান করেছিল।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বুধবার আলিপুরদুয়ারের সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন খগেন মুর্মুর ত্রাণ দিতে যাওয়ার প্রসঙ্গটি টেনে এনে পুনর্তদন্তের নির্দেশ দিলেন, তখন তা কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিলেন যে, বিপন্ন মানুষের সেবা করতে গিয়ে কোনো জনপ্রতিনিধি বা সমাজসেবী আক্রান্ত হলে বর্তমান সরকার তা কোনোভাবেই মেনে নেবে না। সেদিন বামনডাঙার যে বন্যার্ত মানুষগুলো অসহায়ের মতো প্রিয় সাংসদের রক্ত ঝরতে দেখেছিলেন, আজ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তাঁরা নিজেদের অপমানের প্রতিশোধ হিসেবে দেখছেন। ক্ষমতার দম্ভ দেখিয়ে ত্রাণের গাড়ি আটকানোর যে অপসংস্কৃতি বিগত আমলে তৈরি হয়েছিল, শুভেন্দু অধিকারীর এই এক ঘোষণায় তার কফিনে শেষ পেরেকটি পোঁতা হলো।
বন্যার জল নেমে গিয়েছে অনেক আগেই, কিন্তু বামনডাঙার মানুষের মনের ক্ষতটা এতদিন দগদগে হয়ে ছিল। এক বছর পর নবান্নের শীর্ষ স্তর থেকে সেই ক্ষতে প্রলেপ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাতে ত্রাণ নিয়ে যাওয়া এক জনসেবকের রক্তের হিসেব এবার আইনের পথেই মেলাবে প্রশাসন।