প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু হয় না-কামারহাটির বিধায়ক মদন মিত্র যেন প্রতি মুহূর্তে সেই প্রবাদটিই অক্ষরে অক্ষরে প্রমাণ করে চলেছেন! নির্বাচনের আগে পর্যন্ত যে শুভেন্দু অধিকারীকে ‘গদ্দার’ বলে তীব্র আক্রমণ শানাতেন তিনি, সেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার ছ’মাসের মধ্যেই মদন মিত্রের গলায় শোনা গেল একেবারে উল্টো সুর। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের এই বিধায়ক কার্যত দরাজ সার্টিফিকেট দিয়ে মেনে নিলেন যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত দ্রুতগতিতে কাজ করার চেষ্টা করছেন এবং সিদ্ধার্থশঙ্কর রায় বা জ্যোতি বসুর চেয়েও তিনি অনেক বেশি শক্তিশালী মুখ্যমন্ত্রী!
বিরোধী আসনে বসে শাসকদলের প্রধানের প্রতি এই নজিরবিহীন ‘দরদ’ দেখেই এখন রাজ্য রাজনীতির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছেন—হঠাৎ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক ক্ষমতা ও কাজের গতির প্রতি এতটা মুগ্ধ হয়ে পড়লেন কেন মদন মিত্র? এর নেপথ্যে কি স্রেফ রাজনৈতিক সৌজন্য, নাকি ভবিষ্যতের কোনো নতুন সমীকরণের ইঙ্গিত? ওয়াকিবহাল মহলের মতে, মদন মিত্রের এই বক্তব্যের আড়ালে লুকিয়ে রয়েছে তীব্র রাজনৈতিক অসহায়তা ও অস্তিত্ব রক্ষার তাগিদ। গত অক্টোবরেই চরম হতাশা প্রকাশ করে তিনি মন্তব্য করেছিলেন যে রাজনীতি নাকি সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে এবং তিনি রাজনীতি ছাড়ার কথা ভাবছেন। বিশ্লেষকদের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরনো তৃণমূল যেমন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক তৃণমূলও সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চূড়ান্ত ব্যর্থ। একদিকে দলের অন্দরে কোনো উজ্জ্বল ভবিষ্যৎ নেই, অন্যদিকে মাথার ওপর ঝুলছে একাধিক কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাঁড়া। এই জোড়া ফলায় বিদ্ধ হয়েই কি এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুণগান গেয়ে গেরুয়া শিবিরের সুনজরে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কামারহাটির বিধায়ক?
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপির অন্দরে ‘ষড়যন্ত্র’-এর কাল্পনিক গল্প শুনিয়ে মদন মিত্র আসলে নিজেকে মুখ্যমন্ত্রীর একজন ‘শুভাকাঙ্ক্ষী’ হিসেবে তুলে ধরার কৌশল নিয়েছেন। তবে গেরুয়া শিবিরের তরফে ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং ভোলবদলকারী বা দুর্নীতির দায়ে অভিযুক্ত কোনো নেতার জন্য বিজেপির দরজা খোলা নেই। সব মিলিয়ে, মদন মিত্রের এই সুর বদল শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বঙ্গ রাজনীতি।