প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-জীবনাবসান হলো কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের। শুক্রবার (২৭ নভেম্বর, ২০২৬) ৭১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যের বহুচর্চিত শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতির তদন্তে তাঁর নেতৃত্বাধীন কমিটির রিপোর্টই প্রথম বড়সড় মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাঁর প্রয়াণে বাংলার বিচারব্যবস্থা ও প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কলকাতা হাইকোর্টের নির্দেশে একটি বিশেষ অনুসন্ধান কমিটি গঠিত হয়। সেই কমিটির শীর্ষে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তদন্ত চালিয়ে তিনি যে রিপোর্ট আদালতে পেশ করেছিলেন, তাতেই নিয়োগ প্রক্রিয়ার ব্যাপক দুর্নীতি এবং বেআইনিভাবে গড়ে ওঠা উপদেষ্টা কমিটির ভূমিকা প্রথম সামনে আসে। তাঁর সেই ঐতিহাসিক রিপোর্টের ভিত্তিতেই পরবর্তীতে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত।

বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্ট থেকে অবসর গ্রহণের পরও একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি দায়িত্ব সামলেছেন তিনি। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (SAT)-এ দায়িত্ব পালনের পাশাপাশি চলতি বছরে রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) সংক্রান্ত আপিল ট্রাইব্যুনালের সদস্য হিসেবেও কাজ শুরু করেছিলেন তিনি। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৬ সালের ১ জুলাই সেই পদ থেকে সরে দাঁড়ান। এরপর আগস্ট মাসে তাঁকে পুনর্গঠিত ‘পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন’-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল।

প্রাক্তন বিচারপতির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর (CMO)। শোকবার্তায় প্রয়াত বিচারপতির কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।