প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যে যে কয়েকটি জেলাকে সন্ত্রাসপ্রবণ বলে দাবি করে বিরোধীরা, তার মধ্যে অন্যতম বীরভূম জেলা। মাঝেমধ্যেই বিরোধী নেতাদের কথায় উঠে আসে যে, বীরভূম জেলা এখন বোমা বারুদের আতুড়ঘর হয়ে গিয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। আর তার মধ্যেই এবার চিন্তা বাড়িয়ে সেই বীরভূম থেকেই উদ্ধার হলো তাজা বোমা। যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দরজায় কড়া নাড়ছে ২৬ এর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সন্ত্রাসমুক্ত করতে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছেন। প্রত্যেকবারের মত নির্বাচনের পরে যেন রক্তের হোলিখেলা না হয়, তা নিশ্চিত করার ব্যাপারে কমিশনের কাছে আবেদন করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। আর তার মধ্যেই আজ বীরভূমের পাড়ুই এলাকা থেকে ১৫ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

জানা গিয়েছে, আজ বীরভূমের পাড়ুইয়ের সাত্তোর এলাকার বল্লভপুর ব্রিজের কাছ থেকে প্রায় ১৫ টি বোমা উদ্ধার হয়। যেখানে এলাকাবাসী প্রথমে সেই বোমা দেখতে পায়। আর তারপরেই তারা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। তবে চিন্তার বিষয় এটাই যে, বোমা উদ্ধার হয়েছে নির্বাচনের আগে। পাশাপাশি যে এলাকায় বোমা উদ্ধার হয়েছে, তার কিছুটা দূরেই এক পুলিশ কর্মীর বাড়ি। স্বাভাবিকভাবেই কোন উদ্দেশ্যে কারা এই বোমা মজুত করেছে, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।