প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই এই দাবি করছে বিরোধীরা। এমনকি পশ্চিমবঙ্গে যখনই বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা আসেন, তারাও এই বিষয়টি তুলে ধরে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। তৃণমূলের গাফিলতির জন্যই যে বাংলায় এত অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্ত, তা বারবার উল্লেখ করতে দেখা গিয়েছে বিজেপি নেতাদের। আর এই পরিস্থিতিতে এবার সেই অনুপ্রবেশ ইস্যু নিয়েই তৃণমূল সরকারকে কটাক্ষ করতে গিয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। তবে প্রথম থেকেই তৃণমূল যেভাবে এই এসআইআরের বিরোধিতা করছে, তাতে পাল্টা কটাক্ষ করছে বিজেপি। তাদের বক্তব্য যে, এসআইআরে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। আর তাদেরকে এতদিন ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। তাই তাদের নাম বাদ যাওয়ার আতঙ্কেই তারা এত এসআইআরের বিরোধিতা করতে শুরু করেছে। আর এসবের মধ্যেই আজ সাংবাদিক বৈঠক থেকে বাংলায় এই অনুপ্রবেশকারীদের রমরমা যে এবার বন্ধ হওয়ার মুখে, সেই কথা উল্লেখ করে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হলেন অমিত শাহ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, “এপ্রিলে নির্বাচন হবে। ভয়, দুর্নীতি, কুশাসনে বাংলার মানুষ চিন্তিত, উদ্বিগ্ন এবং ভীত। এমন মজবুত রাষ্ট্রীয় গ্রিড বানাবো যে, বাংলায় অনুপ্রবেশ সমাপ্ত হয়ে যাবে। মানুষ কেন, পাখিও ঢুকতে পারবে না।”