প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলায় যখন বিজেপি পুরোদস্তুর ঝাঁপিয়ে করেছে পরিবর্তনের লক্ষ্যে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার খুব ভালো মতই বুঝতে পারছেন যে, পশ্চিমবঙ্গে এবার পরিবর্তন হতে চলেছে, তখন ধীরে ধীরে ঘোরালো হচ্ছে পরিস্থিতি। আর এসবের মধ্যেই হঠাৎ করে খবর পাওয়া গেল যে, বিজেপির সর্বভারতীয় সভাপতি, যিনি আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তার সঙ্গে নাকি ফোনে কথা হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বাভাবিক ভাবেই যিনি তৃণমূল নেত্রী, যার বিরুদ্ধে এত অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা, কিছুদিন আগেই রাজ্যে এসে এই রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে এত অভিযোগ করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি, তিনি হঠাৎ করে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর সঙ্গে ফোনে কথা বললেন কেন? ঠিক কি কারন রয়েছে এর নেপথ্যে?

ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের দামামা না বাজলেও, নির্বাচন যে আসছে, তা বোঝা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতার মধ্যে দিয়ে। তৃণমূলের সঙ্গে বিজেপির শেয়ানে শেয়ানে টক্কর চলছে। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, এমনকি কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাল্টা বিজেপির এই সমস্ত কেন্দ্রীয় নেতাদের বহিরাগত এবং বাংলা বিরোধী বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। আর এসবের মধ্যেই বাংলায় নিপা ভাইরাসে দুই ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে, যা নিয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার। আর তাই সেই বিষয়েই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যে দুই ব্যক্তির নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। যে বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তর যথেষ্ট উদ্বেগ প্রকাশ করছে। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য সরকার। আর এসবের মধ্যেই এবার বাংলায় দুই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেয়েই গোটা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার যে রাজ্যের পাশে সর্বতোভাবে রয়েছে এবং তারা যে সব রকম সহযোগিতা করবে, তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। অর্থাৎ রাজনৈতিক বিষয়ে নয়, দুই ব্যক্তি যেভাবে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার পরিপ্রেক্ষিতে প্রশাসনিক দায়িত্ব এবং কর্তব্যকে স্মরণ করে রাজ্যকে সহযোগিতার আশ্বাস দিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ফোনে কথা হয়েছে জেপি নাড্ডার, সেই সম্পর্কে কোনো দ্বিমত রইল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।