প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
উন্নয়ন কখনও ভোটের আগে বা ভোটের পরে, এই দিনক্ষণ দেখে হয় না। উন্নয়নের ইচ্ছাশক্তি থাকলেই উন্নয়ন সম্ভব। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কথায় কথায় বলে যে, বিজেপির পরিচালিত কেন্দ্রীয় সরকার নাকি উন্নয়ন করছে না। বাংলাকে নাকি তারা অন্য চোখে দেখে। বাংলার সঙ্গে নাকি তারা প্রতিহিংসামূলক আচরণ করে। কিন্তু বারবার করে তৃণমূলের এই মিথ্যা কথার রাজনীতি এবং ভাওতাবাজির রাজনীতির পর্দাফাঁস হয়ে গিয়েছে। এবার সেই বাংলাতেই রেল মানচিত্রে বড় পালক যুক্ত করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যেখানে নয়টি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে সাতটি ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে এসে একটি বক্তব্য রেখেছিলেন। তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে, কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়ন করতে চায়, রাজ্যের মানুষের কাছে তাদের সুযোগ সুবিধা পৌঁছে দিতে চায়। কিন্তু সেখানে অন্তরায় হয়ে যাচ্ছে তৃণমূল সরকারের প্রতিহিংসার রাজনীতি। তারাই কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে না। তবে সেই সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে কেন্দ্রীয় সরকার যে বাংলার উন্নয়নের জন্য রেল মানচিত্রে নতুন পালক যুক্ত করতে চলেছে, সেই খবর সামনে আসতেই রীতিমত খুশির বাতাবরণ তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে।

সূত্রের খবর, এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বড় খবর দিয়েছেন। যেখানে তিনি জানিয়েছেন যে, নয়টি অমৃত ভারত এক্সপ্রেসের মধ্যে সাতটি ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ এবং দুটি ট্রেন পাচ্ছে অসম। তবে পশ্চিমবঙ্গ যে সাতটি ট্রেন পাচ্ছে, সেগুলো কোথা কোথা থেকে ছাড়বে? জানা গিয়েছে যে, সাতটি ট্রেন বাংলা পাচ্ছে, তার মধ্যে চারটি ট্রেন রয়েছে উত্তরবঙ্গের জন্য এবং তিনটি ট্রেন রয়েছে দক্ষিণবঙ্গের জন্য। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে রেল মানচিত্রে উন্নয়নের জন্য বাংলাকে যে ঢেলে দিচ্ছেন নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকার এবং এর ফলে যে বাংলার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতির পথে এগিয়ে যাবে, সেই সম্পর্কে দ্বিমত নেই বিশেষজ্ঞদের মধ্যে।