প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে বর্তমানে এসআইআরের শুনানিতে ব্যাপক অশান্তির খবর পাওয়া যাচ্ছে। দিকে দিকে এই শুনানি কেন্দ্রে গিয়ে তৃণমূলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এমনকি বিভিন্ন জায়গায় তারা গোটা ব্যবস্থাকে বানচাল করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে তৃণমূলের পক্ষ থেকে হুমকি, হুঁশিয়ারি যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার সেই এসআইআর সম্পর্কিত মন্তব্য করতে গিয়ে বিস্ফোরণের হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান।
ইতিমধ্যেই এই রাজ্যজুড়ে এসআইআরকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। শাসকদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, কমিশন এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রান করছে। তবে যে কাজ কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে, তা যে স্বাভাবিক, তা কেন তৃণমূল বুঝতে পারছে না? তা নিয়ে পাল্টা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, তৃণমূল কংগ্রেস এসআইআর সঠিকভাবে হলে প্রচুর অবৈধ ভোটারের নাম বাদ যাবে। আর তাতে তারা ক্ষমতায় আসতে পারবে না, এই ভেবে রীতিমত আতঙ্কিত। আর সেই কারণেই তারা হুমকি, হুঁশিয়ারি দিয়ে সাংবিধানিক সংস্থাকে পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করছে।
এদিন এসআইআর আবহে বড় মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী আখরুজ্জামান। তিনি বলেন, “আমি এটুকু বলি, নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে, যেদিন ফাইনাল তালিকা বের হবে, সেদিন মানুষের যে ক্ষোভের বিস্ফোরণ হবে, নির্বাচন কমিশন কি তার দায়িত্ব নেবে? এখানকার বৈধ ভোটারদের নাম বাদ গেলে সেদিন যে পরিস্থিতি তৈরি হবে, তার দায়ভার কি কমিশন নেবে?” আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন এসআইআর করা হচ্ছে, যখন তারা সমস্ত দিক ভেবে এই প্রক্রিয়া করছে, তখন সেখানে সহযোগিতা না করে বারবার করে এই হুমকি, হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের জনপ্রতিনিধি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরা কি বার্তা দিতে চাইছেন? তাদের এই বার্তার ফলেই তো কিছু মানুষ এই বিস্ফোরণ ঘটানোর মত প্রশ্রয় পেয়ে যাবেন! ফলে শাসক দলের নেতা-মন্ত্রীরাই কি আইন হাতে তুলে নেওয়ার মত কাজ করছেন না? তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।