প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকালই এই রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তুলে ধরেছিলেন যে, আশা কর্মীদের আজকের যে স্বাস্থ্য অভিযান, সেই স্বাস্থ্য অভিযানকে বানচাল করতে পুলিশের পক্ষ থেকে আগেভাগেই কিরকম ব্যারিকেড দেওয়ার মত পদক্ষেপ নেওয়া হয়েছে। আর আজ সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে, জেলায় জেলায় সেই আশা কর্মীরা কলকাতায় আন্দোলনে যুক্ত হওয়ার চেষ্টা করলেও, জেলাতেই তাদের আটকে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। স্টেশনে তারা ট্রেন ধরতে গেলে তারা যাতে ট্রেনে উঠতে না পারেন, তার জন্য পুলিশ তাদের আগেভাগেই বাধা দিচ্ছে। এমনকি শহর কলকাতায় যে সমস্ত আশা কর্মীরা আসতে পেরেছেন, তাদের প্রথমে শিয়ালদহ স্টেশনেই আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে তারা ধর্মতলায় মিছিল করলেও, সেখানে ব্যাপক পুলিশি বাধার মুখে পড়তে হয়। আর আশা কর্মীরা, যারা মা বোন রয়েছে, তাদের ওপর পুলিশের এই ধরনের অত্যাচার নিয়েই এবার সোচ্চার হচ্ছেন বিরোধী নেতারা। গোটা বিষয়ে পুলিশ প্রশাসন এবং তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ইতিমধ্যেই আশা কর্মীদের আন্দোলন এবং সেখানে পুলিশি বাধা রীতিমত শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সকলের মধ্যে একটাই প্রশ্ন যে, আশা কর্মীদের দীর্ঘদিনের দাবি রয়েছে। এমনকি আজ তারা স্বাস্থ্য ভবনে যাবেন, সেটাও তো ঠিক ছিলো। তারপরেও কেন তাদের পুলিশ দিয়ে এইভাবে বাধা দেওয়া হলো? কেন তাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে? এটা কি সত্যিই মেনে নেওয়া যায়? সামান্য প্রতিবাদ আন্দোলন এবং দাবিদাওয়া শুনতে সরকারের এত আপত্তি কেন? আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই আশা কর্মীদের ওপর পুলিশের নির্যাতন নিয়ে সোচ্চার হন তিনি। শুভেন্দুবাবু বলেন, “বর্বর সরকার, ইতর পুলিশ। মহিলাদের ওপর, আশাকর্মী মা-বোনেদের ওপর যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, এটা সমর্থন করা যায় না। বিভিন্ন জায়গায় করেছে। বাস থেকে ড্রাইভার নামিয়ে নিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে মহিলাদের। এটা বর্বর সরকার ছাড়া এবং ইতর পুলিশ ছাড়া হয় না।”