প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় তার নেতৃত্বেই ত্রিপুরা রাজ্যের ক্ষমতা দখল করেছিল বিজেপি। ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। আর সেই বিপ্লব দেব বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলকে সরানোর ক্ষেত্রে কেন্দ্রীয় বিজেপির অন্যতম পছন্দের মানুষ। আর তাকেই বিজেপির পক্ষ থেকে সহ পর্যবেক্ষক করা হয়েছে। সামনেই বিধানসভা নির্বাচন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার সব থেকে বেশি টার্গেট করেছে বাংলাকে। জোরদার ভাবে সমস্ত রকম সাংগঠনিক প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। আর তার মাঝেই আজ বিজেপির দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করতে রাজ্য বিধানসভায় এলেন সেই বিপ্লব দেব। যেখানে দলীয় বিধায়কদের একাধিক নির্দেশ দেওয়ার পর বাংলায় পরিবর্তন নিয়ে আরও আত্মপ্রত্যয়ী মনোভাব পোষণ করলেন তিনি।
প্রসঙ্গত, আজ রাজ্য বিধানসভায় পৌঁছে যান বিজেপির এই রাজ্যের সহ পর্যবেক্ষক বিপ্লব দেব। যেখানে দলীয় বিধায়কদের একাধিক নির্দেশিকা দিয়েছেন তিনি। মূলত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি রাজ্যে এসে বিধায়কদের কি করে নির্বাচন মুখী হতে হবে, তা নিয়ে একাধিক বার্তা দিয়েছিলেন। আর সেই সমস্ত বার্তাই বিজেপি বিধায়কদের পৌঁছে দিতে আজ রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত হয়েছিলেন বিপ্লববাবু।
এদিন বিধানসভা থেকে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তরফে বিপ্লব দেবকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “আমরা পশ্চিমবাংলার মানুষদের মুক্তি দিতে চাই। পশ্চিমবাংলার ছেলেমেয়েদের রোজগার এবং বিশেষ করে মহিলাদের সুরক্ষা। সেটাই আমাদের বিধায়কদের এবং ভারতীয় জনতা পার্টির ও নরেন্দ্র মোদীর মূল লক্ষ্য। সেটাই আমরা করবো। মানুষের সঙ্গে আমরা সাথ দেব। মানুষ মুক্তি চাইছে। আমাদের বিধায়করা যারা রয়েছেন শুভেন্দুবাবুর নেতৃত্বে, তারা সেই কাজগুলো করছে।” অর্থাৎ বাংলায় পরিবর্তন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং সেই লক্ষ্যেই যে বিজেপির সমস্ত বিধায়করা আরও ঐকবদ্ধভাবে তৃণমূলের বিরুদ্ধে লড়াই আন্দোলন চালিয়ে যাবে, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বিপ্লব দেব।