প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
গতকাল থেকেই তৃণমূল কংগ্রেস একটা প্রচার করতে শুরু করেছে যে, সুপ্রিম কোর্টে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন মান্যতা পেয়েছে। এখন ভোটার তালিকায় সংযোজনের ক্ষেত্রে ইআরওরাই শেষ কথা বলবে। এক্ষেত্রে তাদের সহযোগিতা করবে মাইক্রো অবজারভার। কিন্তু এতদিন তাদের এই মাইক্রো অবজারভার নিয়ে যে অভিযোগ ছিলো, তাতে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এবং ইআরওদের সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে। যার কারণে তারা ভীষণ আনন্দিত। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি ভেবে থাকে যে, এই ইআরওদের দিয়ে ভোটার তালিকায় জল মিশিয়ে অবৈধ ভোটারদের রেখে দেবে, তাহলে তারা যে ভুল করছে এবং এর জন্য যে সমস্ত আধিকারিকদের কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে, আজ সেই কথা স্মরণ করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইআরও এবং এইআরওরা যদি কোথাও কোনো গাফিলতি করেন এবং ভোটার তালিকায় তৃণমূলের কথামত জল মেশানোর চেষ্টা করেন, তাহলে তিনিও ছেড়ে কথা বলবেন না। এক্ষেত্রে সেই নির্দিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কোর্টে গিয়ে অভিযোগ জানাবেন তিনি।
গতকালই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত মামলায় যে সমস্ত নির্দেশ এসেছে, সেই সম্পর্কে সকলেই অবগত হয়ে গিয়েছেন। আর গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন ইআরও এবং এইআরওরা যদি কোথাও কোনো ভুল করেন, তাহলে তাদের কপালেও দুঃখ অপেক্ষা করছে। আজ আরও একবার সেই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন তিনি। শুভেন্দুবাবুর বক্তব্য, গোটা বিষয়ে তাদের কড়া নজর রয়েছে। তাই কোথাও কোনো গাফিলতি হলেই তিনি আদালতের দরজায় গিয়ে উপস্থিত হবেন এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ লক্ষ টাকা দিয়ে উকিল রাখলেও যে সমস্ত আধিকারিকরা এই অনিয়ম করবেন, তাদের অত বেতন হয় না। তাই তারা যদি এই অনিয়মের কাজ করেন, তাহলে তাদের যে বাঁচানোর কথা কেউ থাকবে না, সেই কথাও স্মরণ করিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আমি আমাদের ইআরও এবং এইআরওদের বলব, নির্বাচন কমিশনের গাইডলাইন এবং ১৯ জানুয়ারি ও ১০ ফেব্রুয়ারি যে অর্ডার, এই অর্ডারকে মাথায় রেখে আপনারা চলবেন। এতটুকু অন্যথা করবেন না। আপনারা তো ২৫ লাখি আইনজীবী দিতে পারবেন না। আপনারা খুব কম পয়সা বেতন পান। ৪০ শতাংশ ডিএর ফারাক। আপনারা ভুল করলে আমি তো অন্তত কোর্টে যাব। আমি তাই আপনাদের জানাচ্ছি, তৃণমূলের কথায়, আইপ্যাকের কথায়, আপনারা কেউ ভুল কাজ করবেন না।”