প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দীর্ঘদিনের প্রতীক্ষার পর অযোধ্যায় প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির। কিন্তু বাবরি মসজিদ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। সম্প্রতি পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। যাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষে শোরগোল পড়ে গিয়েছে। যে বাবর এত ধ্বংসাত্মক আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিলেন, যিনি ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করেছেন, তার নামেই কেন মসজিদ করতে হবে, তা নিয়ে সকলেই প্রশ্ন তুলছেন। আর এই পরিস্থিতিতে আজ যখন সেই হুমায়ুনবাবু মুর্শিদাবাদে সেই বাবরি মসজিদের নির্মাণ কার্য শুরু করবেন বলে ঠিক করেছেন, ঠিক তার আগেই সেই বাবরি মসজিদ নিয়ে যারা স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন যে জীবনে সম্পূর্ণ হবে না, তা জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বর্তমানে যখন উন্নয়নের ভিত্তিতে ভোট হওয়ার কথা, তখন পশ্চিমবঙ্গে এক অন্য চিত্র দেখতে পাওয়া যাচ্ছে। হুমায়ুন কবীরের মত জনপ্রতিনিধি, তিনি বাবরি মসজিদের কেন শিলান্যাস করছেন? তিনি মসজিদ করতেই পারেন। এতে কারও কোনো আপত্তি নেই। কিন্তু বাবরের নামেই কেন করতে হবে, এই বিষয়ে সকলের আপত্তি রয়েছে। তৃণমূল বলছে, এর পেছনে বিজেপি রয়েছে। আবার বিজেপি বলছে, এর পেছনে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। আর এসবের মধ্যেই পশ্চিমবঙ্গে যেভাবে বাবরের নামে মসজিদ তৈরি করার পরিকল্পনা চলছে, সেই বিষয়েই কি হুমায়ুন কবীরকে হুংকার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কেননা আজ সেই বাবরি মসজিদের নির্মাণকার্য শুরু হওয়ার কথা মুর্শিদাবাদে। আর তার আগেই যোগী আদিত্যনাথ যে কথা বললেন, তাতে বোঝাই যাচ্ছে যে, এই বাবরি মসজিদের নির্মাণ নিয়ে তিনি কতটা ক্ষুব্ধ।

এদিন উত্তরপ্রদেশে একটি কর্মসূচিতে বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ। তার সেখানেই বাবরি মসজিদ নিয়ে তিনি বলেন, “বাবরির ধাঁচে পুনর্নির্মাণ কোনোদিন হবে না। যারা বাবরি কাঠামোর স্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সেই দিন কখনও আসবে না।” আর এখানেই বিশেষজ্ঞরা বলছেন যে, যোগী আদিত্যনাথ এমন সময় এই মন্তব্য করছেন, যখন বাবরি মসজিদ নিয়ে তৎপরতা দেখাচ্ছেন হুমায়ুন কবীর। এমনকি আজ তিনি তার নির্মাণকার্য শুরু করতে চলেছেন। ফলে তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যেভাবে বাবরি মসজিদ তৈরীর স্বপ্ন পূরণ হবে না বলে হুংকার দিলেন, তাতে তিনি হুমায়ুন কবীরের উদ্দেশ্যেই এই মন্তব্য করেছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।