প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
যারা বলেন যে, এই রাজ্যে যা ঘটছে, তার সঠিক খবর কেন্দ্রীয় সরকারের কাছে নেই। তারা সব খবর পায় না জন্যেই তারা রাজ্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করছে না। তারা অন্তত মূর্খের স্বর্গে বাস করছেন। কেন্দ্রীয় সরকারের কাছে যে বাংলায় ঘটে যাওয়া বিভিন্ন অরাজকতার প্রত্যেকটি খবর রয়েছে, তা আবার দিনের আলোর মত স্পষ্ট হয়ে গেল। বিজেপি কোনোভাবেই প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলার সরকারকে ফেলে দিতে চায় না। তারা চায়, বাংলার সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচনে পরাজিত করে তারা ক্ষমতায় আসবে। আর সেই জন্য তারা রাজনৈতিক লড়াই করছে। আর সংসদে বাজেট নিয়ে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে নানা কটাক্ষ করার পরেই যেভাবে বাংলায় নারী নির্যাতনের কথা তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তাতে রীতিমত চাপে পড়ে গেল তৃণমূল কংগ্রেস।

সম্প্রতি সংসদে বাজেট অধিবেশন নিয়ে বক্তব্য রেখেছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তার বক্তব্যকে ফলাও ভাবে প্রচার করে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। বলা হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বড় কিছু করে ফেলেছেন। তিনি একেবারে চোখে চোখ রেখে কথা বলেছেন। বিজেপিকে চাপে ফেলে দিয়েছেন ইত্যাদি, ইত্যাদি। তবে তৃণমূল এটা বলবে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু সেই ব্যাপারে পাল্টা বলতে উঠে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যেভাবে রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের ঘটনার কথা তুলে ধরার পাশাপাশি ওই রাত্রিবেলা মহিলাদের বাইরে না বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে তুলে ধরলেন, তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সমস্ত সাংসদরা। একথা অন্তত নিশ্চিত ভাবে বলাই যায়।

এদিন সংসদে দুর্গাপুরে চিকিৎসক তরুনীর নির্যাতন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেন, “ওড়িশার একজন এমবিবিএস ছাত্রী দুর্গাপুরে গণধর্ষণের শিকার হলেন। সেই সময় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হওয়া সত্ত্বেও বলেছেন, মহিলাদের রাতে বেরোনো ঠিক নয়। একজন সাংসদ বলেছেন, যদি বন্ধু ধর্ষণ করে, তাহলে আমরা কি করতে পারি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, ধর্ষণ আটকাতে আমরা আইন বানিয়েছি। রাজ্যপালকে পাঠিয়েছি, রাজ্যপাল রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। কিন্তু এখনও অনুমোদন পাওয়া যায়নি। তবে যে রাজ্যের এই হাল, সেখানে আইন দিয়ে সবকিছু হয়ে যাবে?”