প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের বুকে অনুপ্রবেশকারীদের ব্যাপক বাড়বাড়ন্ত হয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করেন বিজেপি নেতারা। দীর্ঘদিন ধরেই বিজেপি নেতারা দাবি করছেন, এই রাজ্যের বুকে ওপারের জামাতকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন। তারা একটি নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ করে এই রাজ্যের ভৌগোলিক মানচিত্র বদল করে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। আর এসবের মধ্যেই সম্প্রতি ওপার বাংলায় বিএনপি জয়লাভ করলেও, বাংলার যে সীমান্ত ঘেষা বাংলাদেশের এলাকা গুলি রয়েছে, সেখানে জয়লাভ করেছেন জামাত জোটের প্রার্থীরা। আর সেখানে জামাতদের জয়লাভ করতে সাহায্য করেছে এপারের তৃণমূল কংগ্রেস বলেই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি সামনেই পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও ওপারের জামাতরা এদের সহযোগিতা করবে বলে দাবি করলেন তিনি।
দীর্ঘদিন ধরেই এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন যে, অনুপ্রবেশ ঘটাতে এই রাজ্যের সরকার বারবার করে সাহায্য করছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হলেও, রাজ্য তাতে কোনো সহযোগিতা করেনি। তাই এই রাজ্য অবৈধ এবং অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখার জন্য এখন মরিয়া চেষ্টা শুরু করেছে বলে এই অভিযোগ বিজেপি নেতাদের। আর এসবের মধ্যেই আজ ওপারে যে জামাত গোষ্ঠীর জয়লাভ হয়েছে, সেই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যে রীতিমত শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট ভাষায় দাবি করলেন, ওপারের জামাতদের জয়লাভ করাতে সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস এবং হুমায়ুন কবীর। আর এপারে তৃণমূল এবং হুমায়ুন কবীরকে জয়লাভ করাতে সাহায্য করবে ওপারের জামাতরা।
এদিন দিল্লি যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “এপারের জামাত, ওপারের জামাত, দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। কাঁটাতারের বেড়ার জন্য জমি না দেওয়ার ফলে এপারের জামাতরা ওপারের জামাতকে জিতিয়েছে। মানে, তৃণমূল এবং হুমায়ুন কবীর। আর ওপারের জামাত আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সহযোগিতা করবে বা হুমায়ুন কবীরকে সহযোগিতা করবে।”