প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এতদিন তৃণমূল কংগ্রেস ভাবছিল যে, এবারও বুঝি তারা ২০২১ এর মত নির্বাচনে জয়লাভ করবে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিশমা বলতে কিছু নেই। তিনি কাজের কাজ কিছুই করতে পারবেন না, এই সমস্ত প্রচার তৃণমূলের নেতারা করতে শুরু করেছিলেন। কিন্তু শুভেন্দু বাবু যে যোগ্য রাজনৈতিক নেতা এবং তিনি যথাসময়েই যে ঘর ভাঙানোর খেলাটা খেলবেন, তা আবারও বুঝিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক। একেবারে চুপচাপ তৃণমূলের ঘরে বিরাট ভাঙন ধরিয়ে ময়নাতে বড় যোগদান হয়ে গেল বিজেপিতে। যেখানে ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অশোক দিলদার কাছে ময়না বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন তৃণমূলের টিকিটে লড়াই করা সংগ্রাম দলুই। আর সেই সংগ্রাম দলুইকেই বিজেপিতে যোগদান করালেন শুভেন্দু অধিকারী।
বর্তমানে এসআইআরের চাপে রীতিমতো জর্জরিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভুয়ো ভোটারদের নাম বাদ যাওয়ার কারণে চোখে সর্ষেফুল দেখতে শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দাবি করছে বিরোধীরা। আর সেই কারণেই তিনি প্রতিনিয়ত নির্বাচন কমিশনকে পর্যন্ত আক্রমণ করতে দুইবার ভাবছেন না। তবে তার মধ্যেই এবার তৃণমূলের ঘর ভাঙতে শুরু করলো বিজেপি। ২০১৬ সালে ময়না বিধানসভা কেন্দ্র থেকে জিতে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন সংগ্রাম দলুই। ২০২১ সালে বিজেপি প্রার্থী অশোক দিন্দার কাছে পরাজিত হয়েছিলেন তিনি। তারপর দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক।
সূত্রের খবর, গতকাল তৃণমূলের প্রাক্তন বিধায়ক সংগ্রাম দলুই বিজেপিতে যোগদান করেন। যেখানে তার হাতে বিজেপির পতাকা তুলে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক দিন্দা সহ অন্যান্যরা। আর বিধানসভা নির্বাচনের আগে একেবারে নিঃশব্দে তৃণমূলের ঘরে এত বড় ভাঙ্গন যে রীতিমত ব্যাকফুটে ফেলে দেবে রাজ্যের শাসক শিবিরকে, তা বলার অপেক্ষা রাখে না। এদিন দলবদলের কারণ হিসেবে নতুন বাংলা গঠন এবং মোদিজীর আদর্শের সামিল হতেই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংগ্রাম দলুই। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিজেপিতে যোগদান আগামীদিনে ময়না বিধানসভার ফলাফলে কোনো প্রভাব ফেলে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।