প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার অভিজাত ক্যামাক স্ট্রিটের রাজনৈতিক কার্যালয় নিয়ে এবার সামনে এলো এক চরম চাঞ্চল্যকর তথ্য। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই ভবনের ৭ম ও ৮ম তলায় অবস্থিত বিশাল অফিসটির দখল ও ভাড়া নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলেছে স্বয়ং বাড়ির মালিকপক্ষ। শুধু ক্ষমতার প্রভাব খাটিয়ে জোর করে অফিস দখলই নয়, ৫ মাসের বিপুল অঙ্কের ভাড়াও বাকি রাখা হয়েছে বলে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মালিকপক্ষের অভিযোগ অনুযায়ী, চুক্তিমাফিক ভবনের ৭ম ও ৮ম তলার জন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ ৫০ লক্ষ টাকা জমা দেওয়া হয়েছিল এবং এর মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছিল ১০ লক্ষ টাকা। কিন্তু অভিযোগ, ভবনটির প্রয়োজনীয় পুরসভার চূড়ান্ত ছাড়পত্র বা কমপ্লিশন সার্টিফিকেট পাওয়ার আগেই তৎকালীন সময়ে নিজেদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক ওই দুটি ফ্লোর দখল করে রাজনৈতিক কার্যালয় চালু করে দেওয়া হয়। মালিকপক্ষ জানান, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির চাপে তারা এর তীব্র প্রতিবাদ করতে পারেননি।

মালিকপক্ষ আরও একটি মারাত্মক অভিযোগ সামনে এনে জানিয়েছে, অভিষেকের নেতৃত্বাধীন দলীয় কার্যালয়টি বিগত ৫ মাস ধরে তাদের বকেয়া ভাড়া মেটায়নি। মাসের পর মাস বকেয়া পড়ে থাকায় এবং বারংবার অনুরোধ সত্ত্বেও কোনো সদুত্তর না মেলায় অবশেষে নিরুপায় হয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বাড়ির মালিকপক্ষ।

ক্যামাক স্ট্রিটের এই অফিসকে ঘিরে জটিলতা আরও বাড়িয়েছে রাজ্য দমকল বাহিনী। সম্প্রতি পশ্চিমবঙ্গ দমকল ও জরুরি পরিষেবা দফতরের তরফ থেকে ভবনটি পরিদর্শন করার পর জানানো হয়েছে যে, ওই কার্যালয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থার সমস্ত নিয়মকানুন ও প্রয়োজনীয় লাইসেন্স মানা হয়নি। নিরাপত্তার অভাব এবং বেআইনিভাবে অফিসটি পরিচালনার কারণে দমকলের পক্ষ থেকে ওই ৭ম ও ৮ম তলার রাজনৈতিক কার্যালয়টি যত দ্রুত সম্ভব খালি করার সরকারি নোটিশ জারি করা হয়েছে। একদিকে ৫ মাসের ভাড়া বাকি রাখা ও প্রভাব খাটানোর মতো মালিকপক্ষের অভিযোগ, অন্যদিকে দমকলের খালি করার নির্দেশ—সব মিলিয়ে ক্যামাক স্ট্রিটের এই হাইপ্রোফাইল কার্যালয় নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।