প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আইনি অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কণ্ঠস্বরের নমুনা মামলার ধাক্কার পরই এবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে আরও একটি গুরুতর ফৌজদারি মামলার মুখে পড়লেন তিনি। তাঁর উদ্যোগে পরিচালিত বহুল চর্চিত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা উদ্যোগ ‘সেবাশ্রয়’ (Sebaashray) স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে এই নতুন মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ডায়মন্ড হারবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা ও বেআইনিভাবে চিকিৎসাকেন্দ্র চালানোর অভিযোগে এফআইআর (FIR) রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রায়নগরের বাসিন্দা জনৈক সুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। অভিযোগকারীর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগীরা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে কোনো আইনি অনুমোদন ছাড়াই বিভিন্ন স্থানে এই ‘সেবাশ্রয়’ চিকিৎসাকেন্দ্র বা স্বাস্থ্য শিবির পরিচালনা করেছেন।অভিযোগে আরও জানানো হয়েছে যে, রোগীদের সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতি করা হয়েছে। শিবিরে এমন কিছু চিকিৎসককে দিয়ে অল্টারনেটিভ বা আধুনিক চিকিৎসা করানো হয়েছে যাদের প্রয়োজনীয় কোনো অনুমোদন বা রেজিস্ট্রেশন ছিল না। এছাড়া, যথাযথ লাইসেন্স ছাড়া বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি এবং ওষুধ ও প্রসাধনী ব্যবহার করা হয়েছে।এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র প্রতারণা ও জালিয়াতির ধারার পাশাপাশি অত্যন্ত কড়া আইনি ধারায় মামলা দায়ের করেছে, যার মধ্যে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট অ্যাক্ট (West Bengal Clinical Establishment Act), ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইন (Drugs and Cosmetics Act), ন্যাশনাল মেডিক্যাল কমিশন আইন (National Medical Commission Act), পিসিপিএনডিটি আইন (PCPNDT Act)।

উল্লেখ্য, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ কর্মসূচি ছিল এই ‘সেবাশ্রয়’। তবে এই উদ্যোগের শুরু থেকেই বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হচ্ছিল। সম্প্রতি বিজেপির তরফেও এই শিবিরের চিকিৎসকদের যোগ্যতা, পরিকাঠামো এবং সরকারি যন্ত্রপাতি স্থানান্তরের আইনি বৈধতা নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ জমা পড়েছিল। এবার সরাসরি প্রতারণা ও লাইসেন্সহীন চিকিৎসার দায়ে ড্রাগ ও ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট আইনে ডায়মন্ড হারবার থানায় মামলা রুজু হওয়ায় তৃণমূল সাংসদের ওপর আইনি চাপ অনেকটাই বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।