প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কান টানলে মাথা আসে, আর সেই কারণেই কি তদন্তকারীদের কড়া প্রশ্নের মুখে ধৈর্য হারালেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড? বিধায়কদের দস্তখত জালিয়াতি মামলায় ভবানী ভবনে সিআইডি (CID) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার ক্ষোভপ্রকাশের ঘটনা এখন রাজ্য রাজনীতির নতুন চর্চার বিষয়। সাড়ে ৫ ঘণ্টার ম্যারাথন জেরায় বারবার মেজাজ হারানোর এই বিষয়টিকে আসলে অপরাধবোধ এবং চরম অস্বস্তির বহিঃপ্রকাশ বলেই ব্যাখ্যা করছে পদ্মশিবির।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, ক্ষমতার অলিন্দে থাকা নেতারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করেন। আর সেই কারণেই সরকারি তদন্তকারী সংস্থা যখন কোনো অস্বস্তিকর প্রশ্ন সামনে রাখে, তখনই তাঁদের এই ধরনের আচরণ প্রকাশ পায়। রাজনৈতিক মহলের মতে, শান্ত মাথায় প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে বারবার ক্ষুব্ধ হওয়া এটাই প্রমাণ করে যে, সিআইডি-র প্রশ্নবাণ সরাসরি সঠিক জায়গায় আঘাত করেছে।
বিরোধীদের কটাক্ষ, জনসমক্ষে বড় বড় কথা বললেও জেরার ঘরের বদ্ধ বাতাসে যে আসলে জোড়াফুল শিবিরের ঘাম ছুটছে, তা এই আচরণেই স্পষ্ট। নিজের দলের অন্দরের জালিয়াতি নিয়ে জবাবদিহি করতে গিয়ে এই ধরনের অসহিষ্ণুতা কোনো জনপ্রতিনিধির শোভা পায় না বলে সরব হয়েছে বিজেপি। আগামী ১৪ জুন ফের তলবের দিনেও এই মেজাজ হারানো নাকি নতুন কোনো তথ্য লুকিয়ে রাখার মরিয়া চেষ্টা হিসেবে কাজ করে, এখন সেটাই দেখার।