প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাইরে থেকে দেখলে মনে হতে পারে, লড়াইটা স্রেফ একটি নির্বাচনী প্রতীক বা ‘জোড়াফুল’-এর মালিকানা নিয়ে। কিন্তু বাংলার রাজনীতির অন্দরমহলের কারবারিরা বলছেন অন্য কথা! তাঁদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সাত দিন’-এর চ্যালেঞ্জ কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘সাত জন্ম’-এর পাল্টা হুঙ্কার— এই গোটা বিষয়টির নেপথ্যে আসলে কাজ করছে নিজ নিজ শিবিরের কর্মীদের ধরে রাখার মরিয়া চেষ্টা। গত সেপ্টেম্বরে দল ভাঙন ও প্রতীক ফ্রিজ হওয়ার পর থেকেই দুই শিবিরের নিচুতলার কর্মীদের মধ্যে একধরনের বিভ্রান্তি ও দোলাচল তৈরি হয়েছে। একপক্ষ লড়ছে ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে, তো অন্যপক্ষ ‘খাম’ প্রতীকে। এই পরিস্থিতিতে কর্মীদের চাঙ্গা রাখতেই কি দুই নেতা এমন চড়া সুরে কথা বলছেন?
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলছেন পুলিশকে কাজে লাগিয়ে জোর করে হলফনামায় সই করানো হয়েছে এবং সাত দিনে বড় পর্দায় সব ফাঁস করবেন, তখন এর দুটি অর্থ দাঁড়ায়। প্রথমত, তিনি কর্মীদের বার্তা দিতে চাইছেন যে প্রতীক হাতছাড়া হলেও তা সাময়িক। দ্বিতীয়ত, নিজেদের সাংগঠনিক দুর্বলতা ঢাকতেই কি প্রশাসনের ঘাড়ে দোষ চাপানোর পুরোনো কৌশল নেওয়া হচ্ছে?— এই প্রশ্নও তুলছেন সমালোচকদের একাংশ।
পিছিয়ে নেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। অভিষেকের মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই তিনি যেভাবে ‘সাত জন্ম’-এর তীর ছুড়েছেন, তা আসলে নিজের শিবিরের বিধায়ক ও কর্মীদের কাছে নিজেদের অবস্থান ‘অটুট’ দেখানোরই নামান্তর বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে রাজনৈতিক মহলের একাংশের কটাক্ষ, যে বিধায়কদের সমর্থনের জোরে তিনি বুক বাজাচ্ছেন, দলবদলের এই বাজারে তাঁদের আনুগত্যের মেয়াদ ঠিক কতদিন, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। সব মিলিয়ে, দুই নেতাই এখন কর্মীদের সামনে নিজেদের ‘অপরাজেয়’ প্রমাণ করতে গিয়ে বাস্তবতা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন বলে মত ওয়াকিবহাল মহলের।