প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-শহর কলকাতার নাগরিকদের ভোটদানের অধিকার আইনি জটে আটকে দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার গঙ্গার ওপারে হাওড়া পুরনিগমের নির্বাচনেও বাগড়া দিল সিপিএম। দীর্ঘ আট বছর ধরে যে হাওড়ায় কোনো নির্বাচিত পুরবোর্ড নেই, সেখানকার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিতেই ফের আদালতের দরজায় কড়া নাড়ল আলিমুদ্দিন স্ট্রিট। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা সিপিএম নেতা ইমতিয়াজ আহমেদ এবার বিচারপতি রাজা বসু চৌধুরীর সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন।

আদালতে দায়ের করা আবেদনে বামেদের তরফে মূলত তিনটি বিষয়কে ঢাল করা হয়েছে। মামলাকারীর দাবি, ২০১৩ সালের পর হাওড়ায় ভোট হয়নি এবং ২০১৮ সাল থেকে সেখানে কোনো নির্বাচিত পুরবোর্ড নেই। বর্তমানে প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজ চলছে। ১৯৮০ সালের হাওড়া পুরনিগম আইনের (HMC Act, 1980) ২১৯ নম্বর ধারার উল্লেখ করে প্রশ্ন তোলা হয়েছে, নির্বাচিত কর্পোরেশনের সুপারিশ এবং কোনো আলোচনা ছাড়াই কীভাবে ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হলো? মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন ওয়ার্ড বিন্যাসের ভিত্তিতে হাওড়া পুরভোটের বিজ্ঞপ্তি জারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

সম্প্রতি রাজ্য বিধানসভায় হাওড়ার ক্রমবর্ধমান জনসংখ্যার কথা মাথায় রেখে নাগরিক পরিষেবা আরও মসৃণ করার লক্ষ্যে ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাশ হয়েছে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের ময়দানে জনসমর্থন হারিয়ে শূন্য হয়ে যাওয়া বামেরা এখন গণতান্ত্রিক লড়াইয়ের বদলে কেবল আদালতের স্থগিতাদেশকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর কয়েক দিন আগেই কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে প্রাক্তন সিপিএম কাউন্সিলর দীপু দাসের দায়ের করা মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরভোটের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। প্রশাসনিক মহলের বক্তব্য, কলকাতার সেই আইনি জটকেই এবার হাতিয়ার করে হাওড়ার মানুষের ভোট দেওয়ার পথও আটকে দেওয়ার কৌশল নিয়েছে সিপিএম। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই স্পষ্ট করা হয়েছে যে উন্নয়ন এবং সাধারণ মানুষের হাতের নাগালে পরিষেবা পৌঁছে দিতেই ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট পিছিয়ে গেলে মানুষের পরিষেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য সরকার যেমন বিকল্প প্রশাসনিক ব্যবস্থার কথা ভাবছে, তেমনই আইনি লড়াইয়েও প্রস্তুত নবান্ন। এখন দেখার, বামেদের এই একের পর এক মামলায় হাওড়াবাসীর দীর্ঘ প্রতীক্ষিত ভোটের অধিকার ফের বিশ বাঁও জলে চলে যায় কি না।