প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আগামী ৬ জুলাই ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তথা বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তান ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে কলকাতায় জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। শুক্রবার সকালে কলকাতার ভবানীপুরের ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান মিত্র ইনস্টিটিউশনে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর ছাত্রজীবনের এক গুরুত্বপূর্ণ সময় এই মিত্র ইনস্টিটিউশনেই কাটিয়েছিলেন। ফলে তাঁর জন্মবার্ষিকী উদযাপনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে এই স্কুলটিকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে। আগামী ৬ তারিখের মূল অনুষ্ঠানের আগে স্কুলের পরিকাঠামোগত প্রস্তুতি কেমন রয়েছে, তা নিজে চোখে খতিয়ে দেখতেই আজ সকালে হাজির হন মন্ত্রী।

আজ সকালে স্কুলে পৌঁছেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্কুলের বিভিন্ন ক্লাসরুম এবং চত্বর ঘুরে দেখেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিদর্শন চলাকালীন মন্ত্রী স্কুলের শিক্ষক, শিক্ষাকর্মী এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। ৬ জুলাইয়ের অনুষ্ঠান যাতে কোনো খামতি ছাড়াই অত্যন্ত মর্যাদার সাথে সম্পন্ন করা যায়, সেই বিষয়ে তিনি আধিকারিকদের প্রয়োজনীয় দিকনির্দেশ দেন।

মিত্র ইনস্টিটিউশন শুধুমাত্র একটি স্কুল নয়, এটি বাংলার শিক্ষা ও সংস্কৃতির এক ঐতিহাসিক দলিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছাড়াও এই স্কুল থেকে বহু দিকপাল ব্যক্তিত্ব পড়াশোনা করে দেশের নাম উজ্জ্বল করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, “আমাদের লক্ষ্য এই ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলোর হৃত গৌরব ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের কাছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও অবদানকে সঠিকভাবে পৌঁছে দেওয়া।”

প্রশাসনিক সূত্রে খবর, আগামী ৬ জুলাই এই স্কুলে একটি বড়সড় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হতে চলেছে। আজকের এই পরিদর্শনের পর স্কুলের সামগ্রিক নিরাপত্তা ও সৌন্দর্যকরণের কাজ আরও গতি পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।