প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হঠাৎ করেই গতকাল রাজ্য রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে যায় সি ভি আনন্দ বোসের পদত্যাগের খবরে। দিল্লিতে গিয়ে তিনি পদত্যাগ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে। আর তারপরেই চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। সকলের মধ্যে একটাই প্রশ্ন, হঠাৎ করে তিনি এই পদত্যাগ করলেন কেন? তাহলে কি তাকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার আর এন রবি। ভোটের মুখে এই রকম একজন ব্যক্তিত্বের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের পক্ষ থেকে আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। আর সেই বিষয় নিয়েই এবার মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে হঠাৎ করেই সিভি আনন্দ বোসের পদত্যাগ খুব একটা সহজ বিষয় নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। জগদীপ ধনকার যেভাবে রাজ্যপালের দায়িত্ব সামলেছেন, সেভাবে সিভি আনন্দ বোসের কাছে প্রত্যাশা থাকলেও তিনি তা পূরণ করতে পারেননি। অনেক সময় বিরোধী নেতারাও সিভি আনন্দ বোসের কাজে খুব একটা খুশি ছিলেন না। আর এই পরিস্থিতিতে ভোটের মুখে তার পদত্যাগ এবং প্রাক্তন আইপিএস অফিসার এবং মাঝেমধ্যেই যার সঙ্গে তামিলনাড়ু সরকারের সংঘাত তৈরি হয়েছে, সেই আর এন রবির পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসা একটা বড় ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। তাহলে কি আগামী দিনে তৃণমূল সরকারকে টাইট দিতেই এই প্রাক্তন আইপিএস অফিসারকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করা হলো? এবার সেই বিষয় নিয়েই ইঙ্গিত পূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সেখানেই তিনি বলেন, “ধনকর স্টাইলেই পদত্যাগ হয়েছে। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠানো হয়েছে। যদি রাজ্যপাল হিসেবে আর এন রবি দায়িত্ব নেন, তবে তাকে পশ্চিমবঙ্গের মাটিতে স্বাগত জানাই। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। সেখানে একজন আইপিএস অফিসার রাজ্যপাল হয়ে এলে অন্তত কিছুটা উন্নতি হবে বলেই আশা করছি। এমন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নেওয়ার মত একজন রাজ্যপাল দরকার।”