প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার কি বীরভূম তৃণমূলেও বড়সড় ভাঙনের ইঙ্গিত? দলের শীর্ষ নেতৃত্ব এবং ভোট কৌশলী সংস্থা আই-প্যাক (I-PAC)-এর বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের বিস্ফোরক ক্ষোভ প্রকাশের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বোলপুরের নিচুপট্টি এলাকায় তাঁর বাড়ির সামনে দেখা গেল গেরুয়া পতাকা। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এখন রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর অনুব্রত মণ্ডল নিজেই সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন। আই-প্যাক (I-PAC)-কে কাঠগড়ায় তুলে তিনি স্পষ্ট দাবি করেন, নির্বাচনে তাঁকে কোনও সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়নি এবং দলের বিক্ষুব্ধ নেতারা ভুল ছিলেন না। সঠিক সম্মান না পেলে তিনি চুপ করে ঘরে বসে থাকবেন বলেও ইঙ্গিত দেন। এই বেসুরো মন্তব্যের রেশ কাটতে না কাটতেই বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে এবিভিপি (ABVP)-র গেরুয়া পতাকা টাঙানো দেখতে পাওয়া যায়। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অন্দরে যখন তীব্র কোন্দল প্রকাশ্য, তখন অনুব্রতর বাড়ির সামনে এই গেরুয়া পতাকার উপস্থিতি অত্যন্ত অর্থবহ।

ক্ষমতা পরিবর্তনের পর থেকেই বীরভূমের এই নেতার বিরুদ্ধে তোলাবাজি ও ইট লুটের মতো একাধিক নতুন মামলা দায়ের হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, একদিকে দলীয় নেতৃত্বের ওপর অসন্তোষ এবং অন্যদিকে আইনি চাপ—এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের এই অবস্থান তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপের পথ প্রস্তুত করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।

যদিও অনুব্রত মণ্ডল এখনই অন্য কোনও দলে যোগ দেওয়ার কথা সরাসরি স্বীকার করেননি এবং সম্মান না পেলে রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন, তবুও তাঁর এই ‘বেসুরো’ অবস্থান এবং বাড়ির সামনে গেরুয়া পতাকার উপস্থিতি বীরভূমের রাজনৈতিক সমীকরণকে এক নতুন মোড় এনে দিয়েছে।