প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলার আসন্ন রাজনৈতিক লড়াইকে পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সংগঠনকে তৃণমূল স্তর থেকে মজবুত করতে এবং বুথ স্তরের কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবার সরাসরি ময়দানে নেমেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রতি দলের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ভিন রাজ্যের বা ‘প্রবাসী’ নেতাদের কর্মপদ্ধতি নিয়ে অত্যন্ত স্পষ্ট এবং কড়া অবস্থান নিলেন কেন্দ্রীয় নেতা নিতিন নবীন। তাঁর সাফ কথা— বাংলায় রাজনীতি করতে হলে পর্যটকের মানসিকতা ত্যাগ করে মাটির লড়াইয়ে সামিল হতে হবে।
দলীয় সূত্রের খবর, এদিনের বৈঠকে নিতিন নবীন স্পষ্ট করে দেন যে, বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং। এখানে ঘড়ি ধরে কাজ করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “এটি কোনো অফিসিয়াল ডিউটি নয় যে সকাল ১০টায় আসবেন আর ৫টায় কাজ শেষ করে চলে যাবেন। কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের সুখ-দুঃখের অংশীদার হওয়াই আসল কাজ।” তাঁর এই বার্তার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার— যারা কেবল পরিদর্শন বা পর্যটনের মানসিকতা নিয়ে বাংলায় আসছেন, তাঁদের জন্য সংগঠনে কোনো শিথিলতা রাখা হবে না।
বৈঠকের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল বুথ ম্যানেজমেন্ট এবং নিবিড় জনসংযোগ। কেন্দ্রীয় নেতৃত্বের মতে, সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজগুলি পৌঁছে দেওয়াই হবে আগামী দিনের প্রধান কাজ। জেলা ইন-চার্জ বা প্রবাসী নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা কেবল এসিতে বসে বৈঠক না করে সরাসরি বুথ স্তরের কর্মীদের সঙ্গে মাঠে নামেন। সূত্রের খবর, নিতিন নবীন অত্যন্ত কড়া ভাষায় জানিয়েছেন, “শুধু ঘুরে বেড়ানোর জন্য এখানে আসার প্রয়োজন নেই। যদি এই লড়াইয়ে শামিল হতে কোনো মানসিক বাধা থাকে বা কাজ করতে ভালো না লাগে, তবে তা নিঃসঙ্কোচে জানান। দলের কাছে যোগ্য এবং পরিশ্রমী বিকল্পের অভাব নেই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নবীনের এই মন্তব্য আসলে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও দায়বদ্ধতা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ। বাংলায় শাসক দলের সঙ্গে লড়াই করতে গিয়ে নিচুতলার কর্মীরা যে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করেন, সেখানে নেতাদের পাশে পাওয়া তাঁদের জন্য অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, প্রবাসী নেতারা যদি কেবল ‘ভিজিটর’ হিসেবে থেকে যান, তবে কর্মীদের আত্মবিশ্বাস বাড়বে না। তাই তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি ব্লকে গিয়ে নিচুতলার কর্মীদের সঙ্গে সময় কাটাতে।
বিজেপির অন্দরে এখন একটাই মন্ত্র— ‘জনসংযোগ আর বুথ রক্ষা’। কেন্দ্রীয় নেতৃত্বের এই কঠোর অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে, ২০২৬-এর মহাযুদ্ধে কোনো প্রকার গাফিলতি বরদাস্ত করবে না দিল্লি। যারা নিজেদের সম্পূর্ণভাবে সঁপে দিতে পারবেন, জায়গা হবে কেবল তাঁদেরই।
নিতিন নবীনের এই ‘কড়া দাওয়াই’ দলের অন্দরে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। কর্মীদের মধ্যে এই বার্তা পৌঁছে গেছে যে, কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের পাশে রয়েছে এবং কোনো ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না। এখন দেখার, কেন্দ্রীয় নেতার এই কড়া নির্দেশের পর প্রবাসী নেতাদের কর্মপদ্ধতিতে কতটা পরিবর্তন আসে এবং তা বাংলার বুথ স্তরে কতটা ইতিবাচক প্রভাব ফেলে।