প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬ এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। যে কোনো মুহূর্তে ভোট ঘোষণা হয়ে যাবে। আর এর মধ্যেই কিছুদিন আগেই তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন দল গঠন করেছেন হুমায়ুন কবীর। যেখানে তিনি প্রতিদিন, প্রতিমুহূর্তে দাবি করছেন যে, তার দল এমন একটা সংখ্যা পাবে যে, তারাই আগামী বিধানসভা নির্বাচনের নির্ণায়ক শক্তি হয়ে উঠবে। এমনকি তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই তারা এবার লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন হুমায়ুনবাবু। তবে কিছুদিন আগেই সেই হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে সিপিএমের মহম্মদ সেলিমকে। অন্যদিকে শোনা যাচ্ছে যে, এই হুমায়ুন কবীর একসময় হিন্দুদের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তার জন্য ক্ষুণ্ন হয়েছেন নওশাদ সিদ্দিকী। তাই তার কথামত তিনি প্রকাশ্যে সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন, যাতে সকলের সঙ্গেই তিনি জোট করতে পারেন। আর এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত জোটের ব্যাপারে কোনো পাকাপাকি খবর না এলেও, বিভিন্ন মহলে চর্চা চলছে যে, হুমায়ুন কবীর এবং তার দল কি করবেন? আদৌ কি তাদের সঙ্গে বামফ্রন্ট এবং আইএসএফের জোট হবে? আর সেই ব্যাপারেই এবার বড় মন্তব্য করে বসলেন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর।

ইতিমধ্যেই বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় দেখা গিয়েছে যে, মহম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবীরের একটি আলোচনা হয়েছে। কিন্তু তারপর গোটা অবস্থাটা ওই পর্যন্তই থমকে রয়েছে। আদৌ এই আলোচনা কতদূর গড়ালো, তার দিকে সকলের নজর রয়েছে। আদৌ কি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বামফ্রন্টের সঙ্গে এক ছাতার তলায় থেকে লড়াই করবে হুমায়ুন কবীরের পার্টি? সেখানে কি যোগ দেবে নওশাদ সিদ্দিকীর আইএসএফ! এই সমস্ত প্রশ্ন রয়েছে। যদি এই জোট সম্ভব হয়, তাহলে তৃণমূলের সংখ্যালঘু ভোটে যে বড়সড় ফাটল ধরবে, সেই ব্যাপারেও নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত এই জোটের ব্যাপারে কোনো ঘোষণা না হলেও আজ সেই ব্যাপারেই বড় মন্তব্য করে বসলেন হুমায়ুন কবীর।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। যেখানে তিনি বলেন, “মহম্মদ সেলিম শুধু একটি পাঁচতারা হোটেলেই আমার সঙ্গে দেখা করেননি। আরও পাঁচ তারা হোটেলে দেখা করেছেন। ঘন্টার পর ঘন্টা কথা হয়েছে। তিনি এখনও পর্যন্ত আমাদের বলেছেন যে, তৃণমূলকে হারানোর জন্য তিনি আমাদের সঙ্গে থাকবেন। থাকলে স্বাগত। না থাকলেও হুমায়ুন কবীরের কিছু যায় আসে না। জনতা উন্নয়ন পার্টি ১৮২ টি আসনে নিজস্ব শক্তিতে লড়াই করার মত শক্তি অর্জন করেছে।”