প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলা দখল যে এবার বিজেপির সব থেকে বড় টার্গেট, তা নিয়ে আর কোনো দ্বিমত নেই কারও মধ্যেই। লাগাতার প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি বঙ্গ সফরের মধ্যে দিয়েই তা স্পষ্ট হয়ে গিয়েছে। এমনকি সর্বভারতীয় স্তরে এই হাইপ্রোফাইল নেতারা যখনই কোনো রাজনৈতিক বক্তব্য রাখছেন, তখনই তাদের মুখ থেকে উঠে আসছে বাংলার কথা। গতকালই রাজ্যে কর্মসূচি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর তিনি ফিরে যাওয়ার পরেই এবার ফের বাংলাকে ফোকাস করে বড় বৈঠক করতে চলেছে বিজেপি নেতৃত্ব।
বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম যদি কোনো রাজ্য দিয়ে নীতির নবীন তার রাজ্য সফর শুরু করেন, তাহলে সেই রাজ্যের নাম, পশ্চিমবঙ্গ। আর এতেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, বাংলাকে ঠিক কতটা গুরুত্ব দিতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। এতদিন নানা সমঝোতা, সেটিংয়ের কথা থাকলেও এবার যে সমস্ত কিছুকে দূরে রেখে বাংলা দখল করাই তাদের একমাত্র পাখির চোখ, তা স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে তৎপরতার মধ্যে দিয়ে। আর এই পরিস্থিতিতে অমিত শাহ ফিরে যাওয়ার পরেই আগামীকাল বাংলার সমস্ত বিজেপির সাংসদদের নিয়ে দিল্লিতে হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যে বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।
সূত্রের খবর, আগামীকাল সংসদের বাজেট অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরেই বাংলার বিজেপি সাংসদদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। আর এই বৈঠক অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। যেখানে উপস্থিত থাকবেন লোকসভার বাংলা থেকে নির্বাচিত সমস্ত বিজেপি সাংসদ এবং রাজ্যসভার তিনজন সাংসদ। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই বৈঠকে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতিও। অর্থাৎ কিছুদিন আগেই যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি যেভাবে দায়িত্ব পাওয়ার পর থেকেই বাংলাকে ফোকাস করছেন, বাংলার দিকে বাড়তি নজর দিচ্ছেন, তাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে, এবার যেভাবেই হোক, বাংলাকে জয় করাই বিজেপির একমাত্র লক্ষ্য। আর সেই লক্ষ্য পূরণে আগামীকালের বৈঠকে ঠিক কি বার্তা দেন নীতিন নবীন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।