প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই ওলটপালট হয়ে গেল সমস্ত হিসেব! ভোট মিটতে না মিটতেই নজিরবিহীন এক রিপোর্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রথম দফার এই চিত্র দেখে রীতিমতো উচ্ছ্বসিত দিল্লির নির্বাচন ভবন। কমিশনারের বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তিক্ত অভিজ্ঞতাকে মুছে দিয়ে ২০২৬-এর প্রথম দফার ভোট নজিরবিহীনভাবে শান্তিপূর্ণ হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, এবারের প্রথম দফায় অভিযোগের সংখ্যা গত লোকসভা ভোটের তুলনায় এক ধাক্কায় ৫০ শতাংশ কমে গিয়েছে। শুধু তাই নয়, ভোটের হার পৌঁছেছে আকাশছোঁয়া ৯১.৩৫ শতাংশে।
কমিশন মনে করছে, বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা এবং ভোটারদের নির্ভয়ে বুথে আসার পরিবেশ তৈরি করতে পারাই এই অভাবনীয় সাফল্যের মূল কারণ। কমিশনারের মতে, বাংলার মানুষ এবার ভয়কে জয় করে যেভাবে গণতান্ত্রিক উৎসবে শামিল হয়েছেন, তা সাম্প্রতিক ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
প্রথম দফার এই নজিরবিহীন সাফল্যের পর কমিশনের মনোবল এখন তুঙ্গে। তবে কি পরবর্তী দফাতেও এই ‘শান্তির মডেল’ বজায় থাকবে? নাকি প্রথম দফার এই পরিসংখ্যান রাজনৈতিক দলগুলোর অন্দরে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে? উত্তর খুঁজতে নজর এখন পরবর্তী দফার দিকে।