প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এক সময় অনেক আশা নিয়ে বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু ক্ষমতায় বসার পর তার যে আমূল পরিবর্তন হয়েছে এবং যেভাবে বাংলার সর্বনাশ করেছে এই তৃণমূল সরকার, তাতে সকলেই বিরক্ত। সামনেই ২০২৬ এর বিধানসভা নির্বাচন। বিজেপি এবার পাখির চোখ করেছে বাংলাকে। ইতিমধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করেছেন তিনি। আর সেই সাংবাদিক বৈঠক থেকে বাংলার পরিস্থিতি নিয়ে উস্মা প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজেপির সর্বভারতীয় চাণক্য বলেই পরিচিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে তিনি যখন কোনো কথা বলেন, তখন তার মনোভাব এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নিঃসন্দেহে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। সামনেই বাংলার নির্বাচন। আর তার আগে অমিত শাহের আজকের সাংবাদিক বৈঠকের দিকে নজর ছিল গোটা রাজ্যবাসীর। অবশেষে সেই সাংবাদিক বৈঠকে বাংলার উন্নয়ন সিন্ডিকেটের দখলে চলে গিয়েছে বলে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু তাই নয়, বাংলার যে সংস্কৃতি, তার পুনরুদ্ধার করতে বিজেপি স্বপ্নের বাংলা গঠন করবে বলেও আশ্বাস দিলেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি। অমিত শাহ বলেন, “উন্নয়ন চলে গিয়েছে সিন্ডিকেটের দখলে। বিজেপি সরকার গঠন করার পরে বঙ্গ গৌরব এবং বঙ্গ সংস্কৃতির পুনর্জাগরণ ঘটাবো। স্বামী বিবেকানন্দ, বঙ্কিমবাবু, গুরুদেব এবং শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা গঠন করব।”