প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাবালিকা নির্যাতনের ঘটনায় আজ সরাসরি মাঠে নেমে কড়া অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার এলাকা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় জানান, প্রতিবাদের নামে যারা রেললাইনে বিশালাকার লোহার বিম ফেলে বড়সড় ট্রেন দুর্ঘটনার ছক কষেছিল, তারা আদতে দেশবিরোধী এবং কোনোভাবেই “ভারতপ্রেমী নয়”। তবে একইসঙ্গে তিনি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন, প্রকৃত অপরাধীদের ধরতে গিয়ে যেন কোনো নিরীহ ও সাধারণ মানুষ পুলিশি হেনস্থার শিকার না হন।”

আজ বারুইপুরে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে নির্যাতিতা নাবালিকার পরিবারের সাথে দেখা করেন এবং এরপর গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখার পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভোটের রাজনীতিতে ব্যর্থ কিছু দল এবং মৌলবাদী শক্তি এই অশান্তির পেছনে ইন্ধন জুগিয়েছে। শুধুমাত্র নাম ও পরিচয় দেখেই নিরীহ ইন্দ্রজিৎকে নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ ইতিমধ্যেই বকখালি ও দিঘা থেকেও অভিযুক্তদের ধরে এনেছে এবং নেপথ্যের উসকানিদাতাদেরও কঠোর শাস্তি দেওয়া হবে বলে তিনি জানান।

শোকসন্তপ্ত ও অসহায় মণ্ডল পরিবারের পাশে দাঁড়িয়ে আজ রাজ্য সরকারের তরফ থেকে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নিহতের দাদাকে সূর্যপুর পুলিশ ফাঁড়িতেই সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে তাঁদের জীর্ণ বাড়িটি মেরামত করে দেওয়ার পাশাপাশি নিহতের বৃদ্ধ বাবার বার্ধক্য ভাতা এবং মায়ের অন্নপূর্ণা ভাণ্ডারও চালু করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার মুখ্যমন্ত্রী যখন বারুইপুরে আসেন, তখন স্থানীয় বাসিন্দারা এলাকার নিরাপত্তার স্বার্থে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবি তুলেছিলেন। সেই প্রতিশ্রুতির মর্যাদা দিয়ে মাত্র চার দিনের মাথায় যুদ্ধকালীন তৎপরতায় আজ বারুইপুরের সূর্যপুরে নতুন স্থায়ী পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে স্থানীয় সাধারণ মানুষকে আর দূরবর্তী থানায় ছুটতে হবে না।

এলাকায় চলমান পুলিশি ধরপাকড় নিয়ে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কার জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, “খুনি, ধর্ষক আর ভাঙচুরকারীরা ভয়ে থাকুক, সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই”। তদন্তের নামে যেন কোনো নিরপরাধ নাগরিক লক-আপে অত্যাচারের শিকার না হন, তা নিশ্চিত করতে জেলা পুলিশ কর্তাদের কড়া বার্তা দিয়েছেন তিনি। বারুইপুর জেলা পুলিশ এই ঘটনার সম্পূর্ণ নিরপেক্ষ ও কড়া তদন্ত করবে বলে তিনি আশ্বাস দেন।