প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
শেখ হাসিনা যখন সরকারে ছিলেন, তখন ভারতের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত মধুর সম্পর্ক ছিলো। কিন্তু সমস্যা তৈরি হতে শুরু করে, যখন সেখানে আন্দোলনের ফলে শেখ হাসিনাকে সেই দেশ ছাড়তে হয় এবং তারপর ইউনুস সরকার বাংলাদেশের দায়িত্ব নিলে ক্রমেই ভারতের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি শুরু হয় বলে বিভিন্ন মহল থেকে জানা যায়। যেভাবে আওয়ামি লিগকে ক্ষমতা থেকে সরানোর পর ইউনুসের আমলে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়েছিল, তা নিয়ে উদ্বিগ্ন ছিলো ভারত। তবে অবশেষে মন্দের ভালো হলেও জামাতের বদলে বাংলাদেশে সরকার গঠন করতে চলেছে বিএনপি। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। আর আজ সরকার গঠনের আগে বিদেশ নীতি এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বড় মন্তব্য করলেন সেই তারেক রহমান।

বাংলাদেশের ফলাফলের পর গোটা ভারতের মধ্যে এখন একটাই প্রশ্ন যে, বর্তমান যে সরকার দায়িত্ব নেবে, তাদের সঙ্গে ভারত সরকারের মধুর সম্পর্ক তৈরি হবে তো? কেননা আওয়ামি লিগের সঙ্গে ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক ছিলো। কিন্তু এবার বিএনপি ক্ষমতা দখল করেছে। ফলে বিদেশ নীতি তাদের কেমন হবে, তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে। ইউনুসের আমলে যেভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা দূরত্ব তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে মিটতে শুরু করবে তো এই নতুন সরকারের আমলে? চর্চার মাঝেই আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ব্যাপারেই বড় বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর সেখানেই তাদের নতুন সরকারের বিদেশনীতি এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “বিদেশ নীতি নিয়ে আমাদের ভাবনা স্পষ্ট। আমাদের কাছে প্রত্যেক দেশের জন্যই বিদেশ নীতি এক। বাংলাদেশ এবং বাংলাদেশীদের স্বার্থই সবার আগে। এটাই আমাদের বিদেশ নীতি।” এখন সরকার গঠন করার পর, দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে চলা বাংলাদেশের সরকারের সম্পর্ক কতটা মধুর হয়, সেদিকেই নজর থাকবে সকলের।