প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২০২৬-এর বঙ্গ-সমরের (West Bengal Assembly Elections 2026) সবচেয়ে বড় এবং হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে আজ এক বিরল ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ভবানীপুর। বৃহস্পতিবার দুপুরে এই কেন্দ্রে নিজের মনোনয়ন পত্র জমা দিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর তাঁর এই মনোনয়ন পর্বকে ‘মহাশক্তির’ রূপ দিতে ছায়ার মত পাশে থাকলেন আধুনিক ভারতের ‘চাণক্য’ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন হাজরা মোড় থেকে এক ঐতিহাসিক রোড শো শুরু হয়, যেখানে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাসের মাঝে একই সুসজ্জিত গাড়িতে দেখা যায় অমিত শাহ এবং শুভেন্দুকে। দীর্ঘ পথ অতিক্রম করে যখন সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়, ঠিক তখনই তৈরি হয় সেই বিশেষ মুহূর্তটি।
মনোনয়ন জমা দেওয়ার পর শুভেন্দু অধিকারী যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাঁকে প্রণাম করেন, তখন অমিত শাহ সস্নেহে বাংলার এই নির্ভীক জননেতাকে দু’হাতে বুকে টেনে নেন। এই গভীর আলিঙ্গন শুধুমাত্র ব্যক্তিগত সুসম্পর্ক নয়, বরং বঙ্গ-বিজেপির প্রধান মুখ হিসেবে শুভেন্দুর ওপর কেন্দ্রীয় নেতৃত্বের অবিচল আস্থারই এক অমোঘ সিগন্যাল বলে মনে করছে রাজনৈতিক মহলে।যাওয়ার আগে শুভেন্দুর পিঠে হাত রেখে অমিত শাহের আত্মবিশ্বাসী বার্তা ছিল— “জয়ী হয়ে এসো।” তাঁর এই সংক্ষিপ্ত মন্তব্যের মধ্যেই যেন লুকিয়ে ছিল তৃণমূলের ‘দুর্গ’ পতনের আগাম ভবিষ্যৎবাণী। রোড শো চলাকালীন শাহ হুঙ্কার দিয়ে বলেন, “ভবানীপুরে জিতলেই বাংলায় পরিবর্তন আসবে”।
বিজেপি ঘনিষ্ঠ মহলের মতে, এই মুহূর্তটি কর্মীদের মনে জয়ের মন্ত্র ফুঁকে দিয়েছে। শাহের এই ‘পার্সোনাল টাচ’ প্রমাণ করে দিল যে, শুভেন্দু অধিকারীই মোদী-শাহের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এদিনের এই হাই-ভোল্টেজ মনোনয়ন পর্ব ঘিরে ভবানীপুরের অলিগলি আজ আক্ষরিক অর্থেই গেরুয়া প্লাবনে ভেসে যায়।