প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পহেলা মে-র সকালেই উত্তপ্ত মালদার রাজনীতি। ভোট মিটলেও জেলাজুড়ে কমছে না রাজনৈতিক উত্তাপ। এবার হামলার নিশানায় রতুয়া ৩ নম্বর ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডল। গতকাল রাতে রতুয়ার মহানন্দাটোলা এলাকায় তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দলীয় কাজ সেরে ফেরার পথে রতুয়ার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের উত্তর বালুপুর এলাকায় মহানন্দ মণ্ডলের পথ আটকানো হয়। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীর দিকে। অভিযোগ, আচমকাই তাঁকে ঘিরে ধরে ইঁট ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। তাঁর মাথা ও পিঠে গুরুতর চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়।

আহত নেতাকে দেখতে হাসপাতালে গিয়ে সাংসদ খগেন মুর্মু অভিযোগ করেন, “তৃণমূল এলাকায় সন্ত্রাস কায়েম করতে চাইছে। বিজেপি করার অপরাধেই আমাদের মণ্ডল সভাপতিকে খুনের চেষ্টা করা হয়েছে। আমরা এই ঘটনার শেষ দেখে ছাড়ব।” অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল হতে পারে অথবা কোনও ব্যক্তিগত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

বর্তমান অবস্থা আশঙ্কাজনক না হলেও মাথায় গভীর ক্ষতের কারণে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।