প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুক্ষণ আগেই বিজেপির পক্ষ থেকে রাজ্যের ১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে সবথেকে বড় চমক রয়েছে শুভেন্দু অধিকারীর নামে। নন্দীগ্রামের পাশাপাশি তাকে ভবানীপুরেও প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে সকলেই মনে করছেন যে, ২০২১ এর মত ২০২৬ এর নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই করতে প্রস্তুত রাজ্যের বিরোধী দলনেতা। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী নাম নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আবার ঘোষণা হতেই রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়লো বিজেপি।
এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ২০২১ সালেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে, রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাজেয় নন। তারপর যত ২০২৬ এর বিধানসভা নির্বাচনে এগিয়ে এসেছে, ততই বিভিন্ন প্রচার কর্মসূচি থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন যে, এবার ভবানীপুরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেখাবেন। যার ফলে চর্চা ছিলো যে, তাহলে কি ভবানীপুরে নিজেই বিজেপির টিকিটে লড়াই করবেন শুভেন্দুবাবু? অবশেষে আজ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকেও বিজেপির প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতাকে। তবে যেহেতু শুভেন্দুবাবু বরাবর নন্দীগ্রামকে নিজের ভদ্রাসন বলে জানিয়েছেন, সেহেতু নন্দীগ্রাম কেন্দ্রেও তাকে প্রার্থী করার কারণে যথেষ্ট খুশি বিজেপি নেতা কর্মীরা।
সূত্রের খবর, এদিন বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা হতেই রীতিমত সেলিব্রেশন শুরু হয়ে যায় নন্দীগ্রামে। যেখানে বিজেপি কর্মীরা বাজি ফাটাতে শুরু করেন। উচ্ছাসে ফেটে পড়েন শুভেন্দু অধিকারীর ফের নন্দীগ্রামে প্রার্থী হওয়ার খবরে। সব মিলিয়ে বিজেপির প্রার্থী তালিকা সব থেকে বেশি হিট এবং চর্চার মধ্যে যে শুভেন্দুবাবুই রয়েছেন, সেই সম্পর্কে দ্বিমত নেই রাজনৈতিক বিশেষজ্ঞদের।