প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে আবারও ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে চরম বিতর্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ল। প্রকাশ্য জনসভা থেকে বামপন্থী দল সিপিআইএম (CPIM)-কে সরাসরি ‘গোখরো সাপ’ বলে তীব্র কটাক্ষ করার পাশাপাশি তাদের সম্পূর্ণ ‘সামাজিক বয়কট’ করার ডাক দিলেন এক প্রভাবশালী বিজেপি নেতা। শুধু তাই নয়, বাম কর্মীদের একঘরে করা এবং লাঠিপেটা করার মতোও বিতর্কিত নিদান শোনা গিয়েছে তাঁর মুখে। এই মারাত্মক মন্তব্যের পরই রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এবং ওই বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিটি থানায় এফআইআর (FIR) দায়ের করার হুঁশিয়ারি দিয়েছে বাম নেতৃত্ব।
উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া এলাকায় আয়োজিত বিজেপির সংখ্যালঘু মোর্চার একটি কর্মী সম্মেলন থেকে এই বিতর্কিত মন্তব্যটি সামনে এসেছে। সেই সভা মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বামপন্থীদের বেনজির ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সহ-সভাপতি কাসেম আলি।
দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে কাসেম আলি বলেন: “সিপিএম হচ্ছে গোখরো সাপ। এই গোখরো সাপকে ফণা তুলতে দিলেই ছোবল মারবে। এদের গণতান্ত্রিক ভাবে মাথায় মারুন। মাথায় মেরে হাসপাতালে পাঠিয়ে দিন।”
সেখানেই ক্ষান্ত না হয়ে তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও নিদান দেন: “সিপিএম-এর সঙ্গে কোনও আপোষ নেই। সিপিএম-কে সামাজিক বয়কট করুন। এদের সঙ্গে মিশবেন না, এদের দোকানে চা খাবেন না, এদের একঘোরে করে দিন।”
তিনি সিপিএম কর্মীদের ‘পাকিস্তানের দালাল’ বলেও কটাক্ষ করেন, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
বিজেপি নেতার এই বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্যের তীব্র নিন্দা করে পাল্টা তোপ দেগেছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন রাজনৈতিক নেতার এই ধরণের ভাষা ও বয়কটের ডাক কোনোভাবেই সুস্থ গণতন্ত্রের লক্ষণ হতে পারে না। সিপিএমের পক্ষ থেকে প্রাক্তন তৃণমূল মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পুরোনো ‘সামাজিক বয়কট’ ও ‘দোকানে চা না খাওয়ার’ প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলা হয়েছে, “বিজেপি নেতার মধ্যে এখন প্রাক্তন মন্ত্রীর ভূত ঢুকেছে। বাদুড়িয়ার মানুষ এই সংস্কৃতির যোগ্য জবাব দেবে।” এর পাশাপাশি সমাজে হিংসা ছড়ানোর অভিযোগে ওই বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর (FIR) দায়ের করা হচ্ছে বলেও বামেদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।