প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহেই এবার খোদ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (BJP) এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে কাটমানি ও তোলাবাজির মারাত্মক অভিযোগ সামনে এল। বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রাজীব খানের বিরুদ্ধে মধ্যমগ্রাম থানায় একটি সুনির্দিষ্ট ও লিখিত তোলাবাজির অভিযোগ দায়ের করেছে মধ্যমগ্রামের একটি ভুক্তভোগী পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতির অন্দরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যমগ্রাম থানা এলাকায় তাঁরা একটি নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। অভিযোগ, বাড়ি তৈরির কাজ শুরু হতেই বারাসাত সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি রাজীব খান তাঁদের কাছে বেআইনিভাবে ১ লক্ষ টাকা তোলা দাবি করেন। দাবি মতো টাকা না দিলে বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া এবং পরবর্তীতে মারাত্মক পরিণতির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তোলা হয়েছে। এই চরম অরাজকতার হাত থেকে বাঁচতেই সরাসরি পুলিশের দ্বারস্থ হয় ওই পরিবার।

তোলাবাজির এই চাঞ্চল্যকর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা রাজীব খান। তাঁর দাবি, “এটি সম্পূর্ণ অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য সাজানো চক্রান্ত।” তবে এই ঘটনা নিয়ে বিজেপি শিবিরের অন্দরেই ব্যাপক অস্বস্তি তৈরি হয়েছে। রাজীব খানের পাশে না দাঁড়িয়ে বিজেপির স্থানীয় শক্তিকেন্দ্র প্রমুখ ক্ষোভ উগরে দিয়ে স্পষ্ট মন্তব্য করেন, “দলের নাম করে ইদানীং অনেকেই এলাকায় অরাজকতা করছে।” অন্যদিকে, বিষয়টি নিয়ে তীব্র বিড়ম্বনায় পড়া বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দল যে কোনো প্রকার অন্যায় বরদাস্ত করবে না, সেই আশ্বাসও দেওয়া হয়েছে।