প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ফের এক চরম বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেল পদ্ম শিবিরের অন্দরে। দলেরই এক বড় অংশের শীর্ষ নেতাদের প্রকাশ্য নিশানা করে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন বাঁকুড়ার ওন্দা বিধানসভার প্রভাবশালী বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। তার এই চাঞ্চল্যকর পোস্ট প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিধায়ক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দলের নেতাদের একাংশের দিকে ইঙ্গিত করে লিখেছেন, “ক্ষমতায় আসতেই কিছু নেতাদের বৈভব বেড়েছে।”

এখানেই শেষ নয়, দলের একাংশের আত্মকেন্দ্রিক রাজনীতির সমালোচনা করে তিনি আরও যোগ করেন, “সবাই নিজেদের প্রচার করতে ব্যস্ত, দলকে নিয়ে কেউ ভাবেই না। নিজেদের রিল ও ফলোয়ার বাড়াতে ব্যস্ত দলেরই নেতারা।” দলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে চরম হতাশা প্রকাশ করে বিধায়ক পোস্টে মন্তব্য করেন, “দল যমের ঘরে যাক, কেউ ভাবছে না।”

বিজেপি বিধায়কের এই বিস্ফোরক ও নজিরবিহীন সোশ্যাল মিডিয়া পোস্টের পর আর চুপ থাকেনি জেলা নেতৃত্ব। অমরনাথ শাখার এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি। জেলা সভাপতি স্পষ্ট ভাষায় জানান, “দল অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। ওনার যদি কোনও ক্ষোভ বা বক্তব্য থাকত, তবে সেটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় না এনে দলের অভ্যন্তরীণ স্তরে বা দলের মধ্যে আলোচনা করলেই ভাল হত।” বিগত দিনেও ওন্দার এই বিজেপি বিধায়কের বেশ কিছু সামাজিক মাধ্যমের পোস্ট নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। তবে এবার সরাসরি দলের শীর্ষ স্তরের নেতাদের “বৈভব বৃদ্ধি” এবং “রিলস-ফলোয়ার” বানানোর প্রবণতা নিয়ে তার এই আক্রমণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বিধায়কের এই ক্ষোভের জল আগামী দিনে কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।