প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের উত্তাপ বাড়তেই ফের উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। প্রচার সেরে ফেরার পথে বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর কনভয়ে ভয়াবহ হামলার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সইগছ এলাকায় একদল সশস্ত্র দুষ্কৃতী প্রার্থীর গাড়ি ঘিরে ধরে তাণ্ডব চালায়। বিজেপি প্রার্থীর দাবি, শুধু গাড়ি ভাঙচুর নয়, তাঁকে লক্ষ্য করে অন্তত ৫ থেকে ৭ রাউন্ড গুলিও চালানো হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে এক অসুস্থ কর্মীকে দেখে ফিরছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী। সইগছ এলাকায় পৌঁছাতেই অতর্কিতে প্রায় ৫০-৬০ জনের একটি বাহিনী তাঁর পথ আটকায়। অভিযোগ, বাঁশ, রড ও লাঠি নিয়ে প্রার্থীর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি চরম আকার নেয় যখন এলাকায় গুলির আওয়াজ শোনা যায়। এই হামলায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপি প্রার্থীর সরাসরি আঙুল তৃণমূল নেতা গোপাল ভৌমিক ও তাঁর অনুগামীদের দিকে। তাঁর অভিযোগ, “গণতন্ত্রকে হত্যা করতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাকে খুনের চেষ্টা করেছে।” যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এটি বিজেপির গোষ্ঠীকন্দলের ফল অথবা রাজনৈতিক নাটক।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় টহল চলছে। জানা গিয়েছে, পুলিশ একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটক করেছে এবং সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।