প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
বাংলাদেশের ফলাফল যতটুকু সামনে এসেছে, তাতে এটা পরিষ্কার যে, বাংলাদেশে এবার ক্ষমতা দখল করতে চলেছে বিএনপি। সকলেই আতঙ্কিত ছিলেন যে, শেষ পর্যন্ত জামাতের হাতে ক্ষমতা চলে যাবে না তো? কিন্তু না, বাংলাদেশের মানুষ রায় দিয়েছে বিএনপির পক্ষেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, জামাতের যেভাবে উত্থান হয়েছে, তা অত্যন্ত চিন্তার কারণ ভারতের পক্ষে। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে যেখানে বাংলাদেশের আসন রয়েছে, সেখানে জামাতের জয়লাভ এই রাজ্যের পক্ষে অত্যন্ত চিন্তার কারণ বলেই মনে করা হচ্ছে। তবে বাংলাদেশে যতই বিএনপি জয়লাভ করুক, শেষ পর্যন্ত ওই জামাতরাই ক্ষমতা নিয়ে নেবে বলে মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ। এমনকি বাংলাও সেই পথেই যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করলেন তিনি।
শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর যেভাবে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তাতে গর্জে উঠেছিল এপার বাংলা। এমনকি ভারত গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তাশীল হয়ে পড়েছিল। শেখ হাসিনার দল এবার নির্বাচনে লড়াই করছে না। স্বাভাবিকভাবেই তারা লড়াই করলে তাদের জয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও মজবুত করতো, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি জয়লাভ করেছে। যা মন্দের ভালো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে বাংলাদেশে আপাতভাবে বিএনপি জয়লাভ করলেও, সেখানে যে অত্যাচার চলছিলো হিন্দুদের ওপর, সেই অত্যাচার চলবে। এমনকি জামাতরাই ক্ষমতা নিয়ে নেবে বলেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিংহ।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা অর্জুন সিংহ। আর সেখানেই বাংলাদেশের ফলাফল নিয়ে তিনি বলেন, “দীর্ঘদিন বিদেশে থাকা লোক প্রধানমন্ত্রী হয়ে যায়। এটা মুসলমান বলেই সম্ভব। মুসলমানদের মধ্যে যে সব থেকে বড় গুন্ডা, সে ওদের বাবা হয়ে যায়। এটা বাংলাদেশেই সম্ভব। ওখানকার হিন্দুদের বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। এ এসেও মারবে। হিন্দুরা বিএনপিকে জিতিয়েছে। কিন্তু কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত ওই জামাতরাই দখল নিয়ে নেবে। প্রথমেও মুসলমান, শেষেও মুসলমান। মাঝখানে সব নাটক করে। বাংলাও সেই জায়গায় পৌঁছবে। আপনি ঘাবড়াচ্ছেন কেন? বাংলাও সেই জায়গায় যাচ্ছে।”