প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই কলকাতার বুকে আবার বড়সড় প্রশাসনিক অ্যাকশন। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বিশিষ্ট রাজনৈতিক নেতা ফিরহাদ হাকিমের (ববি হাকিম) মালিকানাধীন নিউ আলিপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আজ আকস্মিক হানা দিল উচ্চপর্যায়ের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশন (IACC)। আজ, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট নাগাদ কলকাতার ৩৩ নম্বর টালিগঞ্জ সার্কুলার রোডের ঠিকানায় অবস্থিত দুটি সংস্থায় প্রবেশ করেন কমিশনের তদন্তকারীরা।
কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত এই বিশেষ দুর্নীতি দমন কমিশন আজ কলকাতা পুরসভার একঝাঁক অফিসার এবং পুলিশকে সাথে নিয়ে সরাসরি ফিরহাদ হাকিমের দফতরে এই তদন্ত অভিযান শুরু করে। গত সেপ্টেম্বর মাসেও এই একই ঠিকানায় প্রথম দফায় তল্লাশি চালানো হয়েছিল। তবে আজ উৎসব মিটতেই প্রশাসনের এই দ্বিতীয় দফার পুনরাই হানা রাজ্য রাজনীতিতে এক নতুন আলোড়ন তৈরি করেছে।
তদন্তকারী কমিশন সূত্রে জানা গিয়েছে, ইসমত আরা নামের এক ব্যক্তির দায়ের করা নির্দিষ্ট একটি লিখিত অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে।অভিযোগ অত্যন্ত চাঞ্চল্যকর—ওয়াকফ বোর্ডের অতি মূল্যবান জমি বেআইনিভাবে দখল করে সেখানে ফিরহাদ হাকিমের কারখানা এবং বাণিজ্যিক কার্যালয় গড়ে তোলা হয়েছে। মূলত ‘হাকিম পলিমেকার্স প্রাইভেট লিমিটেড’ (Hakim Polymakers Pvt. Ltd.) এবং ‘এম এস মার্বেল পয়েন্ট’ (বা হাকিম কেমিক্যালস) নামে যে দুটি সংস্থা রয়েছে, সেগুলির জমির নথিপত্র এবং ল্যান্ড ডিলের নেপথ্যে তৎকালীন সরকারি ক্ষমতার অপব্যবহার করে কোনও বড়সড় প্রাতিষ্ঠানিক দুর্নীতি (Institutional Corruption) হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।